শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন শেখ হাসিনার সরকার ক্রীড়া বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়ামোদী মানুষ এবং একজন পৃষ্ঠপোষক। আজকে বিশ্ব পরিমন্ডলের ক্রীড়া অঙ্গনে বাংলাদেশ যে ভূমিকা রাখছে এবং ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলায় বাংলাদেশ যে সাফল্য অর্জন করছে তার পিছনে প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি খেলা দেখেন এবং খেলোয়ারদের নানাভাবে উৎসাহ প্রদান করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধীন হবার পূর্বে আর কোন সরকার দেখাতে ক্রীড়া অঙ্গনের কোন সাফল্য দেখাতে পারেনি। কারণ শেখ হাসিনা ক্রীড়াবান্ধব, ক্রীড়ামোদী ও একজন সফল পৃষ্ঠপোষক।
বৃহস্পতিবার পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে স্বাধীনতার সুবর্নজয়ন্তী ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
এসময় মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিজেকে বিকশিত করতে হলে আদর্শিক সু-শিক্ষায় নিজেকে গড়ে তোলার কোন বিকল্প নেই। শিক্ষা বিহীন জীবন যাতে না থাকে এই জন্য শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে যে ছাত্র শুধুমাত্র বই পড়ে পুথিঁগত বিদ্যা অর্জন করে সার্টিফিকেট সংগ্রহ করে, আমার বিশ^াস সে কখনো আদর্শ ও মৌলিক শিক্ষায় শিক্ষিত মানুষ হতে পারে না।
তিনি বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীরা নরম কাদা মাটির মত, তাকে যেভাবে গড়তে চান সেভাবেই গড়া যায়। এ জন্য শিক্ষিত জাতি গড়ার পেছনে মানুষ বানাবার কারিগড় হিসেবে যে সকল শিক্ষক রয়েছেন তাদের কোন বিকল্প নেই।
মন্ত্রী বলেন, আমার নির্বাচনী আসনে (পিরোজপুর-১) বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার একাডেমিক ভবন নির্মানসহ যে সমস্ত উন্নয়নমূলক কাজ এনেছি, আমি ফিরিস্থি দিয়ে বলতে পারি গত ৪০ বছরে তার অত উন্নয়ন কাজ পিরোজপুরে আসে নি। যে রাস্তায় ইট ছিল না সে রাস্তা এখন কার্পেটিং রাস্তা। ছিল বাশেঁর সাকো, সেখানে আজ ব্রীজ-কালভার্ট হয়েছে। আমি যত দিন বেঁচে আছি উন্নয়ন করে যাব তবে কোন প্রশংসার জন্য না।
কলেজ অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, এনএসআই যুগ্ন পরিচালক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম জাহান, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এস এম বায়েজিদ হোসেন।
অনুষ্ঠানে মন্ত্রী কলেজ শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, জাতি গড়ার হাতিয়ার হিসেবে শিক্ষকদের ভূমিকা অসাধারন। একটি দেশকে এগিয়ে নিতে হলে, একটি জাতিকে উন্নত রাষ্ট্রে পরিনত করার পেছনে শিক্ষকদের দায়িত্ব অপরিসীম।
তিনি প্রধানমন্ত্রী নিম্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বছরের শুরুতেই বই পৌঁছে দেওয়াসহ, বিনা বেতনে পড়াশুনার সুযোগ সৃষ্টি, তাদেরকে স্টাইফেন দেওয়া এবং অনগ্রসর ও প্রান্তিক মেয়েদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর আলাদা ব্রত রয়েছে।
তিনি বলেন, যে শিক্ষা নৈতিকতা বিবর্জিত, যে শিক্ষা দুর্নীতিতে আচ্ছন্ন, যে শিক্ষা আমাদেরকে অবক্ষয়ের দিকে নিয়ে যায় সে শিক্ষা শিক্ষা নয়, তা অপশিক্ষা। এ ক্ষেত্রে অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
পরে মন্ত্রী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিকেলে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন ও ঢাকার শিল্পীদের সংগীতানুষ্ঠান উপভোগ করেন।
