নিখোঁজের ৪৪ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া হাসান (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ হওয়ার ৪৪ ঘন্টা পর আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ ভেসে উঠলে সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় থেকে স্থানীয়রা উদ্ধার করেন।
গত শনিবার দুপুরের দিকে আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব্য আশ্রায়ন এলাকায় নদীতে গোসল করেত নেমে নিখোঁজ হয় শিশু হাসান। তার পিতার নাম শাহাবুদ্দিন। সে ঢাকা থেকে খালা বাড়ি বেড়াতে আসছিল।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১টার দিকে আমরাজুড়ির আবাসন এলাকার খালা বাড়িতে বেড়াতে এসে সন্ধ্যা নদীতে গোসল করতে নামে হাসান। গোসল করতে নেমে নদীর গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। পরে আশপাশের লোকজন ছুটে আসে। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তারা কাউখালী ফায়ার সার্ভিসে খবর দেয়। ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার অভিযান চালায় বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল। উদ্ধারের কার্যক্রমে ব্যর্থ হওয়ায় রবিবার দুপুরে তারা অভিযান স্থগিত করে।
সোমবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দুরে সন্ধ্যা ও গাবখান নদীর মোহনায় থেকে ভাসমান অবস্থায় শিশু হাসানের মরদেহটি উদ্ধার করা হয়।
আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে গাবখান নদীর মোহনায় টোল ঘরের পাশের্^ শিশুর ভাসমান মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে।
