নাজিরপুর উপজেলা উপনির্বাচন
মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থী
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খান জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে উপজেলা পরিষদ চত্বরে সহস্রাধিক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অফিসার এবিএম সিদ্দিক।
পাশাপাশি এদিন সকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা পিরোজপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানানয়, ২০২২ সালের ১৯ নভেম্বর মো. মোশারেফ হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি নাজিরপুর সদর ইউনিয়ন থেকে ৬বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সর্বশেষ ২০২১ সালের জুনে তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং এবারের উপজেলা পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
মো. মোশারেফ হোসেন খান দলীয় মনোনয়ন পাওয়ার খবর নিশ্চিত করেছেন। নির্বাচনে বিজয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগের এ নেতা জানান, নৌকা জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের মার্কা, উন্নয়নের মার্কা। নৌকার বিজয় মানে এ দেশের উন্নয়ন অগ্রযাত্রার বিজয়। উপজেলাবাসি তাদের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বিগত দিনের মত এই নির্বাচনেও নৌকার বিজয় নিশ্চিত করবে।
স্বতন্ত্র প্রার্থী বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। দলীয় সদস্য পদে থেকে কিভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী দল থেকে অব্যহতি নিয়ে নির্বাচন করবো নাকি দল আমাকে বহিস্কার করবে তা বলার সময় এখনও আসেনি। এটা ২৭ ফেব্রুয়ারীর পরে বলা যাবে।
পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আলমগীর হোসেন জানান, বর্তমান সরকারের আমলে বিএনপির কোনো নেতা-কর্মী নির্বাচনে অংশগ্রহন করবে না। হিরুয়ার রহমান মোল্লা যদি দলীয় সিদ্ধান্ত না মেনে মনোনায়নপত্র দাখিল করে থাকেন তাহলে আমি আশা করি নির্ধারিত তারিখের মধ্যে মনোনায়নপত্র প্রত্যাহার করে নিবেন। অন্যথায় দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১ নভেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার মৃত্যুবরণ করেন। তিনি ২০০৯ ও ২০১৯ সালে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী ১৬ মার্চ নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২০ ফেব্রুয়ারি বাছাই ও ২৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে।
