প্রধানমন্ত্রী কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ করেন নি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য শ ম রেজাউল করিম বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামকে বিশ্বাস করেন। তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। দেশের প্রতিটি উপজেলায় একটি করে মডেল মসজিদ করে দিচ্ছেন। ইসলামী জীবন ব্যবস্থার জন্য যেখানে যা কিছু করার তা তিনি করছেন। কওমী মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাকে এম এ পাশের মর্যাদা দিয়েছেন। দেশের অনেক আলেমকে বিনা টাকায় সরকারি খরচে হজ্জ্ব করিয়েছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন সুন্নাহ পরিপন্থী কোন আইন পাশ করেন নি। আর তিনি কোন দিন এটা করবেনও না এবং কাউকে করতেও দিবেন না। আমাদের দেশে এক পঞ্চমাংশ মানুষ ইসলামী শিক্ষায় শিক্ষিত। সেই মানুষদেরকে অবজ্ঞা করে একটি রাষ্ট্র চলতে পারে না। তাদেরকেও সামনের সারিতে আনতে হবে। তারাও বিসিএস ক্যাডার, জজ, ব্যারিষ্ট্যার, এমপি, মন্ত্রী হবে এক সময়। এজন্য আমরা ইসলামি সর্বোচ্চ শিক্ষাকে এমএ পাশের মর্যাদা দিয়েছি।
শুক্রবার রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীঘিরজান বাজার জামে মসজিদের উদ্যোগে দুই দিনব্যাপী ১৪তম তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসর কথা বলেন।
মন্ত্রী বলেন, ধর্মের পরিপূর্ণ চর্চা করুন। যে মানুষ নিজে ঈমান আকিদা চর্চা করে সে খারাপ পথে যেতে পারে না। ধর্ম মানুষকে খারাপ পথ থেকে দূরে রাখে। এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় আমি ইসলাম পরিপন্থি কোন কর্মকান্ড, উশৃঙ্খল নৃত্য, মদ, গাজা এই জাতীয় কোন কিছু প্রশ্রয় দেই নি। আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়ে রেখেছি আমার কোন আপনজন যদি ওই জাতীয় কর্মকান্ড করে তাদেরকেও আইনের আওতায় নেওয়ার। প্রয়োজনে মোবাইল কোর্ট দিয়ে জেল হাজতে পাঠানোর। আমার মেয়ে যদি রাস্তায় বের হলে নিরাপদে হাটতে না পরে, আমাদের মহিলারা যদি রাস্তায় নিরাপদে হাটতে না পারে, সে হিন্দু হোক আর মুসলিম হোক, তাহলে আর কিসের সভ্য, কিসের মানুষ আমরা। এই অসভ্যতা থেকে বেড়িয়ে আসতে হবে।
তাফসিরুল কোরআন মাহফিলে ঢাকার এইচ এম হাবিবুল্লাহ মেজবাহ্ ও ফরিদপুরের মুফতি মাকসুদুল হক ওয়াজ করেন।
পরে মন্ত্রী রাত ১০টায় নাজিরপুরের শ্রীরামকাঠী আলহাজ্ব মো. সিরাজুল হক (রহ:) হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ১৬তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য রাখেন।
আলহাজ্ব মো. মাহজাহান মিয়ার সভাপতিত্বে এসময় আরও ওয়াজ করেন মাওলানা আবুল বাশার, মাওলানা মুহিব্বুল্লাহ।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টায় নাজিরপুরে প্রয়াত ‘বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ব্যাটমিন্টন টুর্ণামেন্টে’র উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।
‘বন্ধন’ নাজিরপুরের আয়োজনে উপজেলার ইউআরসি ভবন মাঠে এ টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করে। খেলার উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি গোলাম মোস্তাফিজুর রহমান লাভলু প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের হাতে ক্রেষ্ট ও খেলার জার্সি তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাস, অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, কৃষক লীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবুল বাশারের ছেলে শেখ সাব্বির বাশার সুজন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রায়ত বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সুযোগ্য দায়িত্বশীল একজন মানুষ ছিলেন। তার নামে এ টুর্নামেন্ট আয়োজন করায় বন্ধন নাজিরপুরকে ধন্যবাদ জানান তিনি। এসময় প্রয়াত আবুল বাশারের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
