প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের ব্যবস্থা করে দিয়েছেন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এই সুযোগ একজনের পক্ষেই দেওয়া সম্ভব হয়েছে, যিনি চান এই জাতি শিক্ষিত হোক, তিনি আর কেউ নন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য নারী নীতি প্রনয়ন করতে হবে। আগে একজন প্রধানমন্ত্রী ছিল, তার সময়ে মন্ত্রী, এমপি ছিল জামাতে ইসলামীর আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসাইন সাঈদী- তারা বলতো নারীদেরকে ঘর থেকে বের করা যাবে না। নারীদেরকে ঘরে বন্দি করে রাখতে হবে। ওই জামাতিরা ক্ষমতায় আসলে নারীদেরকে শিক্ষিত হতে দিত না।
শ ম রেজাউল করিম বলেন, নারীদেরকে পিছনে রেখে একটা জাতি কোনদিনও এগিয়ে যেতে পারে না। সুন্দর জীবনে এগোতে হলে লেখাপড়াটা ভালোভাবে করতে হবে, লেখাপড়ার কোন বিকল্প নেই।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমানের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) মাধবী রায়, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আজিজী।
এ বছর পিরোজপুর জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১১ লক্ষ ৬ হাজার ৫১১ খানা বই, মাধ্যমিক বিদ্যালয়ে ৪ লক্ষ ৭০ হাজার ৫৬৩ খানা এবং মাদ্রাসায় ৪ লক্ষ ৫৪ হাজার ৫৬৪ খানা বই বিতরণ করা হয়েছে। জেলায় ২ লক্ষ ২৮ হাজার ৩৭০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ বই বিতরণ করা হয়।
