প্রধান সূচি

পিরোজপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ ॥ ভোগান্তিতে যাত্রী

শুক্রবার বেলা সোয়া ১২টা। পিরোজপুর বাইপাস সড়কের জেলা কেন্দ্রীয় বাস টার্মিনালের উল্টো পাশে অবস্থিত ঢাকাগামী বাসের কাউন্টারে পিরোজপুর সদর উপজেলার খানাখুনিয়ারী গ্রাম থেকে এসেছেন ষাটোর্ধ্ব হারুনুর রশীদ। মেয়ে নিয়ে ঢাকা যাবেন। বাস কাউন্টারে এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ।
গতকাল শুক্রবার সকাল থেকে হারুনুর রশীদের মতো আরো অনেক মানুষ এসেছেন ঢাকার যাওয়ার জন্য। পিরোজপুর থেকে বাস চলাচল না করায় তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে ইজিবাইক, মোটর সাইকেলসহ অন্যান্য ছোট ছোট যানবাহনে যেতে হচ্ছে পিরোজপুর সীমান্তের বাগেরহাটের চিতলমারী উপজেলার শোলদাহ স্থানে। সেখান থেকে আবার তাদের যেতে হচ্ছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতি বাসষ্ট্যান্ডে। জানা গেছে, শোলদাহ ও পাঠগাতি থেকে পিরোজপুরের ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছে। পিরোজপুর, নাজিরপুর হয়ে শোলদাহ, পাটগাতি পর্যন্ত দীর্ঘ পথ, অতিরিক্ত ভাড়া, অধিক সময় লাগাসহ নানান দূর্ভোগ পেরিয়ে যাত্রীদের ঢাকা যেতে হচ্ছে।
মহাসড়কে তিন চাকার যানবাহন চলাচল বন্ধের দাবীতে বরিশাল বিভাগ জুড়ে বাস মালিক সমিতির হঠাৎ ডাকা ধর্মঘটের কারণে আন্ত:জেলাসহ ঢাকাগামী বাস চলচলও বন্ধ করে দেওয়া হয়েছে। আর এতে করেই চরম দূভোগের শিকার হচ্ছেন যাত্রী সাধারণ।
ঢাকাগামী বাসের কাউন্টারে কর্মরত লোকজন জানান, পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নিষেধের কারণে পিরোজপুর জেলা থেকে ঢাকাগামী কোন বাস চলাচল করছে না। দোলা বাস কাউন্টারের টিকিট সেলসম্যান মো. সোহেল জানান, সকাল থেকেই ঢাকাগামী যাত্রীরা আসছেন। তবে মালিক সমিতির নিষেধের কারণে পিরোজপুর জেলা থেকে ঢাকা উদ্দেশ্যে কোন গাড়ি ছেড়ে যাচ্ছে না। অনেক যাত্রী ফিরে যাচ্ছেন। আর যারা ঢাকা যেতে চাচ্ছেন তাদেরকে শোলদা যেতে বলা হচ্ছে। শোলদাহতে পিরোজপুরের দোরা পরিবহন অবস্থান করছে। সেখান থেকে গাড়ি ঢাকা যাচ্ছে। এছাড়া অন্য পরিবহনগুলো টুঙ্গিপাড়ার পাটগাতি থেকে ঢাকা যাচ্ছে। তিনি বলেন, হঠাৎ করে ঢাকাগামী পরিবহনগুলো বন্ধ করে দেওয়ায় যাত্রীদের নানা ভোগান্তি হচ্ছে।


সরেজমিনে দেখা গেছে, বাস কাউন্টারের সামনে থেকে মোটর সাইকেলে যাত্রী প্রতি ৪০০ থেকে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে শোলদাহ ও পাটগাতি যেতে। ইজিবাইকে প্রতি যাত্রীর ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা থেকে ১২০ টাকা।
এদিকে, বরিশাল বিভাগে বাস মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেওয়ায় মারাত্মক ভোগান্তিতে পড়েছেন পিরোজপুরের অভ্যন্তরীন বিভিন্ন রুটে চলাচলকারী যাত্রীরাও। তাদেরকে অতিরিক্ত ভাড়া দিয়ে ইজিবাইক, অটোরিক্সা, রিক্সা ভ্যান, নসিমন, টমটমে করে গন্তব্যে যেতে হচ্ছে।
দুইদিনের ধর্মঘটের কারণে পিরোজপুর থেকে খুলনা, বাগেরহাট, বরিশাল, যশোর, বেনাপোলসহ সারাদেশের সাথে বাস চলচল বন্ধ রয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সারাদেশের সাথে পিরোজপুরের সড়ক যোগাযোগ।
এ বিষয়ে পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, মহাসড়কে তিন চাকার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধের দাবীতে বরিশাল বিভাগ জুড়ে বাস মালিক সমিতি দুই দিনের ধর্মঘট ডেকেছে। তাই পিরোজপুর থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial