কাউখালীতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে জনপ্রতিনিধিদের মানববন্ধন
পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদারকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের বিচার দাবিতে জনপ্রতিনিধিবৃন্দ ও মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ।
বৃহস্পতিবার উপজেলার সকল জনপ্রতিনিধিদের আয়োজেনে উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, গণমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, কাউখালী উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিঞা, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ, আমরাজুড়ি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, চিড়াপাড়া-পারসাতুরিয়া ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান মিন্টু, শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান সিকদার মো. দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল পায়েল, ইউপি সদস্য মাহমুদ হোসেন, রুস্তুম আলী প্রমুখ।
বক্তারা অবিলম্বে খুনীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবী করেন। পরে সন্ত্রাসীদের কঠোর বিচার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুনের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়।
উল্লেখ্য, গত ৩১অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়েনের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার বাড়ি থেকে বের হয়ে নিজ ইউনিয়ন পরিষদে যাওয়ার সময় একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবড়িয়া এলাকায় পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে এবং বাম পা কেটে বিচ্ছিন্ন করে নিয়ে গিয়ে পাশের একটি ডোবায় ফেলে দেয়। পরে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ইউপি সদস্য মামুনের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় নিহত ইউপি সদস্যর ছেলে মেহেদী হাসান বাদী হয়ে শিয়ালকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যানসহ ১১ জনকে নামীয় আসামী করে আরও ৫/৬ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ উক্ত মামলায় এ পর্যন্ত দুই আসামীকে গ্রেফতার করেছে।
