নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদারের মৃত্যু
পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা পোনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন। সকাল ১১টায় নাজিরপুর বাসভবনে বসে তিনি অসুস্থ্য হয়ে পড়লে গাড়িতে করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি ২ পুত্র, ১ কন্যা, বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে নাজিরপুরে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান পিরোজপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অমুল্য রঞ্জন হালদার এ নিয়ে দুই বার নাজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। শিক্ষকতা পেশা নিয়ে তার কর্মজীবন শুরু হলেও আওয়ামী লীগের রাজনীতির সাথে তিনি সরাসরি জড়িত ছিলেন। অমুল্য রঞ্জন হালদারের আকষ্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মৃত্যু সংবাদ পেয়ে মন্ত্রী ঢাকা থেকে নাজিরপুরের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
এছাড়া আওয়ামী লীগ নেতা অমুল্য রঞ্জন হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসাহাক আলী খান পান্না।
