জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে মেয়াদ পূর্তিতে জেলার জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ।
আজ শনিবার দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার হরিণপালায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পিরোজপুরের ৭টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বিভিন্ন পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জু।
পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল হক জোমাদ্দার, মাহিবুল হোসেন মাহিম, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান, এস এম বায়জিদ, নাসরিন আক্তার, দিলরুবা আক্তার, নাসিমা আক্তার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, স্বরূপকাঠী উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, স্বরূপকাঠী পৌরসভার মেয়র গোলাম কবির, মঠবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আজিতুল হক সেলিম মাতুব্বর, টুঙ্গিপাড়া আওয়ামীলীগের দপ্তর সম্পাদক, হাফিজুর রশিদ তারেক প্রমুখসহ বিভিন্ন উপজেলা থেকে আগত জনপ্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মহিউদ্দিন মহারাজ জেলা পরিষদকে সাধারণ মানুষের কাছে নতুনভাবে পরিচিত করেছেন। জেলা পরিষদের মাধ্যমে তিনি পিরোজপুরে অভাবনীয় উন্নয়ন করেছেন। বিশেষ করে সকল জনপ্রতিনিধিদের তিনি উন্নয়নমূলক কাজের সাথে সরাসরি সম্পৃক্ত করায় পিরোজপুরের গ্রাম পর্যায় পর্যন্ত জেলা পরিষদের উন্নয়ন পৌঁছে গেছে। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মাঝে মহিউদ্দিন মহারাজের ব্যাপক জনপ্রিয়তাও রয়েছে।
তারা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে মহিউদ্দিন মহারাজকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
নির্বাচন কমিশন থেকে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচন। ৭টি উপজেলা নিয়ে গঠিত দক্ষিণের অন্যতম জেলা পিরোজপুর। পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৭৪৭ জন। এরমধ্যে ৭০৪ জন ভোটারই জেলা পরিষদের বর্তমান প্রশাসক মো. মহিউদ্দিন মহারাজের পক্ষে স্বাক্ষর দিয়ে লিখিতভাবে তাকে সমর্থন জানিয়েছেন। এসব ভোটার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্বাক্ষর সম্বলিত একটি বইও পাঠিয়েছেন।
