পুলিশ কর্মকর্তার প্রচেষ্টায় বাস চাপা থেকে রক্ষা পেল শিশু
পিরোজপুরের ভান্ডারিয়ায় এক পুলিশ কর্মকর্তা ধাক্কা মেরে সড়িয়ে দিয়ে আবিদ শাহরিয়ার নামে এক শিশুকে বাস চাপা থেকে রক্ষা করেছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুলিশ কর্মকর্তা এগিয়ে না এলে শিশুটি বাস চাপায় মারা যেত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক মো. সিদ্দিক হোসেন জানান, তিনি শুক্রবার চরখালী চেক পোষ্টে দায়িত্বে ছিলেন। বরিশাল থেকে ছেড়ে আসা সানভী পরিবহনের(ঢাকা মেট্টো-১১-১৮০৯) বাসটি দুপুর সোয়া ১২টার দিকে ভান্ডরিয়া হয়ে মঠবাড়িয়া যাচ্ছিল। বাসটি মঠবাড়িয়া যাওয়ার জন্য চরখালী বিসমিল্লাহ চত্বর থেকে বামে মোর নেয়। এ সময় বাসের পেছনের অংশ সড়কের বাইরে চলে যায়। একই সময় আবিদ শাহরিয়ার নামে এক শিশু সড়কের বাম দিক দিয়ে বাই সাইকেল চালিয়ে একই পথে(চরখালী এলাকায় থাকা বাড়ীতে) যাচ্ছিলো।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমন নামে একজন জানান, বাসের পেছনে অংশে আবিদ শাহরিয়ার ঢুকে যাচ্ছে দেখে উপ-পরিদর্শক মো. সিদ্দিক হোসেন জীবনের ঝুঁকি নিয়ে ঝাপিয়ে পড়ে তাকে ধাক্কা মেরে সড়কের বাইরে ফেলে দেয়। না হলে শিশুটি মারা যেত।
উপ-পরিদর্শক সিদ্দিক বলেন, আল্লাহর রহমতে আমি শিশু আবিদ শাহরিয়ারকে রক্ষা করতে পেরেছি । না পারলে সে বাসায় চাপায় মারা যেত। পরে বাসটি আটক করা হয়েছে।
মো. সিদ্দিক হোসেন আরো জানান, আবিদ শাহরিয়ার চরখালী এলাকার আক্তারুজ্জামান আবু মল্লিকের ছেলে। সে ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণির ছাত্র।
শিশুটির বাবা আক্তারুজ্জামান আবু মল্লিক জানান, চরখালী কলেমা চত্বরে তার মোটরপার্টস ও হার্ডওয়ারের দোকান রয়েছে। শুক্রবার দুপুরে তার ছেলে আবিদ শাহরিয়ার বাড়ী থেকে দোকানে আসছিল। পুলিশ কর্মকর্তার কারনে আমার ছেলেটি বাস চাপা থেকে রক্ষা পেয়েছে। না হলে সে মারা যেত।
এদিকে, ঘটনার পরে পুলিশ বাসটিকে আটক করে। এসময় বাসের ড্রাইভারকে পুলিশ মারধর করে বলে অভিযোগ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের।
