সিরিয়াল রেপিষ্ট শামীমের ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ
পিরোজপুরের ভান্ডারিয়ার আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির মেধাবী ছাত্রী আলীয়া মাদ্রাসার ছাত্রী এবং রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসার ছাত্রী ধর্ষণসহ ১০টি নারী ও শিশু ধর্ষণ মামলার আসামী সন্ত্রাসী, সিরিয়াল রেপিষ্ট শামীম মৃধার ফাঁসির দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলার ধাওয়া ইউনিয়ন এবং ইউড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে আতরখালী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ধাওয়া ইউনিয়নের সাবেক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ও নারী সংগঠক শাহানাজ আক্তার, আতরখালী মানিক মিয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার জেসমিন, বীর মুক্তিযোদ্ধা মো. সেলিম পঞ্চায়েত, আতরখালী আলীম মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী সিকদার, রাজপাশা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সবুর হোসেন, আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আমিনুল ইসলাম, ৪৭নং উত্তর আতরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষ মো. মাহাবুবুর রহমান, মো. জাকির হোসেন হাওলাদার, সাবেক ইউপি সদস্য মো. নাসীর উদ্দিন মল্লিক, শিক্ষার্থী ফাতেমা আক্তার, মেহেদী হাসান প্রমুখ।
এরআগে মানববন্ধনকারীরা ধাওয়া এবং ইকড়ি ইউনিয়নের বিভিন্ন সড়কে বিভিন্ন প্লাকার্ডসহ একটি বিক্ষোভ মিছিল করে।
সভায় বক্তারা বলেন, গত ১১জুন আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। ঐ ছাত্রীর বাবা একজন মৎস্যজীবি হওয়ায় মাছ শিকারের কাজে কুয়াকাটার মহিপুরে বসবাস করে। বাড়ি এসে ধর্ষণের ঘটনা মাকে খুলে বলার পরে মা পরের দিন বাদি হয়ে ভান্ডারিয়া থানায় শামীমকে প্রধান আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। সেই থেকে শামীম কৌশলে পালিয়ে বেড়াতে থাকে। ১৩জুন আতরখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এলাকাবাসী প্রথম দফায় বিদ্যালয় সংলগ্ন সড়কে শামীমের ফাঁসিসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে শুক্রবার রাতে র্যাবের একটি টিম সিরিয়াল রেপিষ্ট শামীম মৃধাকে ঢাকার উত্তরা থেকে আটক করে শনিবার রাতে ভান্ডারিয়া থানায় প্রেরণ করে। শনিবার ভান্ডারিয়া থানা পুলিশ পিরোজপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করে। শামীম কারাগারে থাকলেও একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় সন্ত্রাসী বাহিনী তার আপন ভাই সবুর মৃধা, একই এলাকার মৃত ছন্দু মৃধার ছেলে মিলন মৃধা এবং একই এলাকার আবু তালেব মৃধা ধর্ষণ মামলার বাদীসহ যারা যারা তার (শামীমের) বিরুদ্ধে কথা বলবে তাদের পরিবারকে দেখিয়ে দেবার এমনকি বেশি বাড়াবাড়ি করলে জীবন নাশের মত হুমকি দিয়ে আসছে।
তারা আরো বলেন, ধর্ষক শামীম মৃধা এতই প্রভাবশালী আইন কানুনের তোয়াক্কা না করে একের পর এক অপরাধ করে যাচ্ছে। তাই এই কুখ্যাত সন্ত্রাসী সিরিয়াল রেপিষ্ট শামীমের অনতিবিলম্বে ফাঁসি এবং এলাকায় থাকা তার (শামীম) বাহিনীর সদস্যদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জন্য স্থানীয় সাংসদ, স্বরষ্ট্রামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, সিরিয়াল রেপিষ্ট শামীম মৃধাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পিরোজপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ছাত্রীর শারীরিক পরীক্ষার এখন পর্যন্ত পাওয়া যায়নি। রেপিষ্ট শামীমের বিরুদ্ধে ভান্ডারিয়া ও কাঠালিয়া থানায় ধর্ষণ, ধর্ষণের চেষ্টা , চাঁদাবাজী ও মাদকসহ ৮টি মামলা রয়েছে।
