পিরোজপুরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলছে
পিরোজপুর জেলায় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০২২ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে নিবন্ধন ও ছবি তোলার কার্যক্রম চলবে। বুধবার দুপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে জেলা সমন্বয় কমিটির এক সভায় এসব তথ্য জানানো হয়।
পিরোজপুরের জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
সভায় জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা জানান, পিরোজপুর সদর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় গত মে মাসের ২০ তারিখ থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসের ৯ তারিখ এ কার্যক্রম শেষ হবে। চলতি মাসের ১১ তারিখ থেকে জুলাই মাসের ১৯ তারিখ পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুরূপভাবে নাজিরপুরে ২৮ জুন থেকে ২১ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ২৪ জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা, ভান্ডারিয়ায় ১১ আগষ্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য সংগ্রহ ও ৬ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালনা, কাউখালীতে ১৮ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ ও ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম, নেছারাবাদ উপজেলায় ৯ জুন পর্যন্ত তথ্য সংগ্রহ ও ১১ জুন থেকে ৩ আগষ্ট পর্যন্ত নিবন্ধন কার্যক্রম, মঠবাড়িয়ায় ১৫ জুলাই থেকে ৪ আগষ্ট পর্যন্ত তথ্য সংগ্রহ এবং ৭ আগষ্ট থেকে ৯ অক্টোবর পর্যন্ত নিবন্ধন এবং ইন্দুরকানী উপজেলায় ১৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ ও ১৫ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিবন্ধন কার্যক্রম পরিচালিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভোটার হওয়া দেশের নাগরিক হিসেবে একটি অন্যতম রাষ্ট্রীয় স্বীকৃতি। নীতিমালা অনুযায়ী ভোটার হবার যোগ্য কোন ব্যক্তি যাতে বাদ না পারে সেদিকে সকলের খেয়াল রাখতে হবে, রোহিঙ্গা এবং ভোটার হবার অযোগ্য কোন ব্যক্তি যাতে ভোটার হতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
