মঠবাড়িয়ায় পুলিশের উপস্থিতিতে ইজারাদারের উপর হামলা
পিরোজপুরের মঠবাড়িয়ার পুলিশের উপস্থিতিতে বাজারের ইজারাদারের উপর সন্ত্রাসী হামলা ও টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনার বিচার চেয়ে ভুক্তভোগী ইজারাদার ও সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীর সাধারণ সম্পাদক মজিবর মোল্লা শনিবার সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, চলতি ১৪২৯ বঙ্গাব্দে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সাপলেজা বাজার ইজারা পেয়ে যথা নিয়মে ১লা বৈশাখ (১৪ এপ্রিল) সকালে বাজারে খাঁজনা আদায় করতে যাই। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহলের ইন্দনে ভাইজোড়া গ্রামের সাবেক ইজারাদার রুহুল আমীন ও তার ছেলে সবুজসহ ১০/১২ জনের একটি দল ইজারা তুলতে বাঁধা দেয়। একপর্যায়ে তারা নববর্ষে টহলরত পুলিশের উপস্থিতিতে আমাকে ও আদায়কারী ফারুক হোসেন, সোলায়মানসহ তিনজনকে এলোপাথারি পিটিয়ে গুরুতর আহত করে ব্যাগ ভর্তি টাকা ছিনিয়ে নেয়।
তবে প্রতিপক্ষ সাবেক ইজারাদার রুহুল আমীন তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি পংকজ সাওজাল, সাপলেজা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি হুমায়ুন কবির, আহত আদায়কারী সোলায়মান, ফারুক হোসেন প্রমুখ।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল পুলিশের উপস্থিতিতে ইজাদারের উপর হামলার খবর সঠিক নয় দাবী করে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খাঁজনা আদায়ের ব্যবস্থা করা হয়েছে। তবে ইজারাদারের মারধরের ঘটনায় কোন লিখিত অভিযোগ না পাওয়ায় কোন আইনগত ব্যবস্থা নেয়া যায়নি।
