প্রধান সূচি

মোংলায় মোটর সাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত

মোংলায় দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাতে মৌখালী এলাকায় একটি মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান মোটর সাইকেলের তিন আরোহী। নিহতরা হলেন- পৌর শহরের মোর্শেদ সড়ক এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনের ছেলে বায়জিদ হোসেন (২২), বোনের ছেলে সাকিব (২০) ও দোকানের কর্মচারী জাকারিয়া (২০)।
মোংলা থানার ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ জানান, মোংলার চাঁদপাই পীর মেছেরশাহ’র মাজারের মেলা দেখে বুধবার রাত সাড়ে ১১টার দিকে বাড়ী ফেরার পথে মৌখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে মোটর সাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে রাস্তায়। রাস্তায় পড়ে তিনজনেরই মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর রক্তাক্ত জখম হয়। মারাত্মক আঘাত ও রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান তারা। পরে পথচারীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. আফসানা নাঈমা হাসান তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশের ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলে, ভাগ্নে ও কর্মচারীর মৃত্যুতে শোকের মাতম চলছে ফার্নিচার ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ীতে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial