ভান্ডারিয়ায় যুবকের লাশ উদ্ধার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নাঈম বেপারী (২৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টায় উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারীবুনিয়া গ্রামের কৃষি জমির ভেতর একটি ঝোঁপের পাশ থেকে তার লাশ উদ্ধার করে ভান্ডারিয়া থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ একই গ্রামের আনিসুর রহমানের ছেলে রিফাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
থানা ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পশারিবুনীয়া গ্রামের বাজারে শুক্রবার দিনগত রাতে টিভিতে ক্রিকেট খেলা দেখে নাঈম একই গ্রামের রিফাত নামে এক যুবকের সাথে বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে। কিন্তু রাতে সে বাড়ি ফিরেনি। শনিবার সকালে বাড়ি থেকে ৫০০ গজ দুরে একটি কৃষি জমির মাঠের ঝোঁপের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসি বাড়িতে খবর দেয়। পরে নিহত ওই যুবকের মা মুকুল বেগম ঘটনাস্থলে এসে তার ছেলের লাশ সনাক্ত করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠায়।।
নিহত নাঈম বেপারী উপজেলার পশারীবুনীয়া গ্রামের রুহল আমীন বেপারীর ছেলে। সে স্থানীয় পশারীবুনীয়া গ্রাম্য বাজারে ইকেট্রনিক্স মালামালের ব্যবসা করে আসছিল।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বলেন, গ্রামবাসী তাদের খবর দিলে লাশ উদ্ধার করে পিরোজপুর ময়না তদন্তে পাঠান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। নিহত ওই যুবকের মৃত্যুর রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
