মোংলা বন্দর জেটিতে সংযোজন হচ্ছে নতুন রাবার ফেন্ডার : চুক্তি স্বাক্ষর
আমদানী-রপ্তানী বাণিজ্যের প্রসার ও বিদেশী বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় মোংলা বন্দরের জেটিতে রাবার ফেন্ডার স্থাপনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আমদানি রপ্তানি বানিজ্যে গতিশীলতা বাড়াতেই এই উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে রাবার ফেন্ডার (শিপ ঢালাই প্লেট সিস্টেম) স্থাপন কাজ হাতে নেয় তারা।
এ লক্ষ্যে রবিবার সকালে বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে খুলনা শিপইয়ার্ড লিমিটেডের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার ও খুলনা শিপইয়ার্ডের ব্যাবস্থাপনা পরিচালক কমডোর এম সামছুল আজজি এই চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ডের ক্যাপ্টেন এম ফিদা হাসান, বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক্স) মো. শওকত আলী, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লা আল মেহেদি, বোর্ড ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মাকরুজ্জামান ও বন্দর ব্যবহারকারী এইচ এম দুলাল।
বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে সংযোজন হতে যাওয়া রাবার ফেন্ডারটির ব্যয় ধরা হয়েছে আট কোটি ৫০ লক্ষ ৭১ হাজার টাকা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, বন্দরের ৭, ৮ ও ৯ নম্বর জেটিতে প্রায় ১০ বছর আগে রাবার ফেন্ডার লাগানো হয়েছিলো, যার অধিকাংশই নষ্ট হয়ে গেছে। তাই জেটিতে বিদেশী জাহাজ ভিড়তে ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি দেখা দিয়েছে। যদিও এর আগে জেটিতে কাঠের লগ ব্যবহার করা হতো যা লাগানোর কিছুদিন পর পঁচে ও জাহাজের আঘাতে পড়ে যেত। এ সকল সমস্যার সমাধানে কাঠের লগের পরিবর্তে নতুন করে রাবার ফেন্ডার স্থাপন করা হচ্ছে। এটির স্থাপন সম্পন্ন হলে মোংলা বন্দরে আসা বিদেশী জাহাজগুলো জেটিতে নিরাপদে ভিড়তে পারবে বলেও জানান তিনি।
