প্রধান সূচি

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পূর্ণতা পেয়েছিল। বঙ্গবন্ধুর যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে। দেশটি একটি স্বাধীন দেশ হিসেবে বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে। বঙ্গবন্ধু ফিরে না আসলে পৃথিবীর যে রাষ্ট্রগুলো বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল সে স্বীকৃতি পাওয়া সম্ভব হতো না। বঙ্গবন্ধু ফিরে না আসলে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন সম্ভব হতো না। বঙ্গবন্ধু ফিরে না আসলে স্বাধীনতাবিরোধীরা আবার মাথাচাড়া দিয়ে উঠতো। বঙ্গবন্ধু ফিরে না আসলে তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশ বিনির্মাণ করছেন সেটা সম্ভব হতো না।
পিরোজপুরের নাজিরপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রনব কুমার রায়ের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলু, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু, নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. শাহ আলম ফরাজী, মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম বাবুল, মালিখালী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল দাঁড়িয়া প্রমুখ।
মন্ত্রী বলেন, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমাদের মনে রাখতে হবে বঙ্গবন্ধুকে ছাড়া স্বাধীনতা সম্পূর্ণ হতো না। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ অসম্পূর্ণ, মুক্তিযুদ্ধের চেতনা অসম্পূর্ণ। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে লাল-সবুজের পতাকা কল্পনা করা যায় না, অসম্প্রাদায়িক বাংলাদেশ কখনো কল্পনা করা যায় না। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে আমরা স্বাধীন, সার্বভৌম এটা কখনো কল্পনা করা যায় না। সেজন্য দল-মতের পার্থক্য থাকলেও বঙ্গবন্ধুর প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রাখতে হবে।
তিনি আরও বলেন, আজকের বাংলাদেশে যুদ্ধাপরাধীদের দাম্ভিকতা নেই। আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে। আজকের বাংলাদেশ বিশ্বের বিস্ময়ের বাংলাদেশ। আজকে বাংলাদেশে একজন মানুষও না খেয়ে থাকে না। আজকের বাংলাদেশের নিজের টাকায় পদ্মা সেতু হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, মেট্রোরেল হচ্ছে, নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল হচ্ছে।
শ ম রেজাউল করিম বলেন, বঙ্গবন্ধু আমাদের মাঝে না থাকলেও তাঁর বিশ্বাস ও আদর্শ আমাদের মাঝে রয়েছে। তাঁর রক্ত ও আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা বাঙালি জাতির জন্য আশীর্বাদ হিসেবে রয়েছেন। শেখ হাসিনার মাঝেই আমরা বঙ্গবন্ধুকে খুঁজে পাই। শেখ হাসিনা আছেন বিধায় আজকের বাংলাদেশে এত সমৃদ্ধির চিত্র।
মন্ত্রী এর আগে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের জন্য করোনার টিকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন। একই দিন তিনি মাটিভাঙ্গার চারঘাটায় কৃষক সেবা কেন্দ্র নির্মান প্রকল্পের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের জন্য স্থাপিত রিভার্স অসমোসিস প্লান্টের উদ্বোধন ও বরাইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন করেন।
দুপুরে মন্ত্রী উপজেলার স্বাধীনতা মঞ্চে মৎস্য অফিসের উদ্যোগে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের অর্থায়নে মৎস্য জীবীদের মাঝে গরু প্রদান এবং এনএটিপি প্রকল্পের আওতায় সিআইজি মৎস্য চাষীদের মাঝে মৎস্য ও মৎস্যজাত দ্রব্য পরিবহনের জন্য ৬টি ষ্টিলবডি ট্রলার প্রদান করেন। এছাড়া প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে দেয়া অসহায়দের জন্য ২ হাজার ৫শ’ কম্বল বিতরন করেন। পরে সমাজকল্যাণ অফিসের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। ওই সব অনুষ্ঠানে বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আনিচুর রহমান তালুকদার, উপ-পরিচালক (প্রশাসন) সৈয়দ মো. আলমগীর হোসেন, এনএটিপি-২ এর প্রকল্প পরিচালক এসএম মনিরুজ্জামান, পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার মো. হাসানাত ইউসুফ জাকি, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial