ভান্ডারিয়ায় বর্ণিল আয়োজনে মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ব্যাপক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এবং বর্ণিল আয়োজনে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৫০বার তোপধ্বণীর মাধ্যমে দিবসের শুরু হয়। পরে পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা পরিষদ, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জেপি), বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতিশ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তাবক অর্পণ করেন।
স্থানীয় বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার সীমারানী ধরের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম মহান বিজয় দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন। সেখানে কুচকাওয়াচ ও শরীর চর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, আসমা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, শিক্ষক শফিকুল ইসলাম আযাদ।

এদিকে, দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভায় ভার্চ্যুয়ালী ঢাকা থেকে অংশ নেন কলেজের প্রতিষ্ঠাতা জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেপির ভান্ডারিয়া উপজেলা সিনিয়র যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দারসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান
মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ উৎসব উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে স্থানীয় বিহারীলাল মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিম।

উপজেলা নির্বাহী অফিসার সীমা রাণী ধরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার আ. আজিজ সিকদার, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু, নিজামুল হক নান্না, আ. রশীদ মৃধা, মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. এহসাম হাওলাদার। পরে উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।
