কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমে ৫ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে
শনিবার থেকে পিরোজপুরের কাউখালীর শ্রীগুরু সঙ্ঘের কেন্দ্রীয় আশ্রমে প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩০তম বর্ষ শুভ আবির্ভাব উৎসব শুরু হয়েছে। এ উপলক্ষে ৫ দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে পরিব্রাজকাচার্য্যবর শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের প্রতিষ্ঠিত শ্রীগুরু সঙ্ঘ এর বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম কাউখালীর কর্তৃপক্ষ। শনিবার প্রভাতে সমবেত প্রাত:কালীন প্রার্থনার মধ্যদিয়ে এই আবির্ভাব উৎসবের শুরু হয়েছে। এরপর শ্রীশ্রীমদ্ভগবত গীতাপাঠ, শ্রীশ্রী গুরু গীতা পাঠ, শ্রীশ্রী গুরুদেবের অষ্টোত্তর শতনাম পাঠ, সঙ্ঘ পতাকা উত্তোলন ও সংগীত পরিবেশন, শ্রীশ্রী গুরুদেবের বিগ্রহ ও পাদুকা সমভিব্যাহারে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ, কাউখালী সরকারি হাসপাতালে দু:স্থ রোগীদের মধ্যে ফল বিতরণ, শাখা সঙ্ঘের বিভিন্ন সেবামূলক কার্যক্রম এর শুভারম্ভ, বস্ত্র বিতরণ, প্রসাদ বিতরণ, মাতৃসঙ্ঘ, সমবেত সন্ধ্যাকালীন প্রার্থনা, ‘প্রাণের ঠাকুর’ এর উপর গীতিআলেখ্য, সন্ধ্যারতী, মহতী ধর্মসভা ও শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস আজকের কর্মসূচিতে রয়েছে।
আগামীকাল রবিবার থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে প্রতি বছরের ন্যায় হাজার হাজার পূর্নার্থী নারী-পুরুষ-শিশু অংশগ্রহণ করবে বলে কেন্দ্রীয় আশ্রমের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন। এছাড়া ২৪ নভেম্বর নগরকীর্ত্তন, শ্রীশ্রী গুরুপূজা, ভক্তিমূলক সংগীতানুষ্ঠান, ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ এর ব্যবস্থা করা হয়েছে।
শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম এর সাধারণ সম্পাদক শ্রী রণঞ্জয় কৃষ্ণ দত্ত জানান, দেশ ও জাতির মঙ্গল কামনায় ও বিশ^শান্তিকল্পে প্রার্থনা এবং বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন অনুষ্ঠান এ আশ্রমে অনুষ্ঠিত হবে।
