প্রধান সূচি

পাওনা টাকা চাওয়ায় মারধর ॥ কদবেল বিক্রেতা নিহত

বাগেরহাটে কদবেল বিক্রির পাওনা টাকা চাওয়ায় প্রতিপক্ষের হামলায় রুস্তম ব্যাপারী নামের এক কদবেল বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ মসজিদের সামনে বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজ ও হামজার মারধরে রুস্তমের মৃত্যু হয়।

নিহত রুস্তম ব্যাপারী বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। সে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদের সামনে কদবেল বিক্রি করতেন। তার স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রয়েছে।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, বারাকপুর বাজারের ফল বিক্রেতা ফিরোজের মেয়ে রুস্তমের কাছ থেকে বাকীতে কদবেল ক্রয় করেছিল। সকালে ফিরোজের মেয়ের কাছে সেই টাকা চায় রুস্তম। এতে ক্ষিপ্ত হয়ে ফিরোজ ও হামজা রুস্তমকে মারধর করে। পরে গুরুত্বর অবস্থায় রুস্তমকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী বিউটি বেগম বলেন, আমার স্বামী খুবই নিরহ মানুষ। কারও সাথে তার কোন ঝামেলা নেই। কিন্তু কেন যে ওরা আমার স্বামীকে মারলো তা জানি না। আমি আমার স্বামীর মৃত্যুর বিচার চাই।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ইসহাক মিয়া বলেন, দুইজন লোক রুস্তম ব্যাপারী নামের একজনকে হাসপাতালে নিয়ে আসেন। ইসিজি করে দেখা যায়, তিনি আগেই মৃত্যুবরণ করেছেন।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ মাহমুদ হাসান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যারা রুস্তমের উপর হামলা করেছে তারা পলাতক রয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান শুরু করা হয়েছে। এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি বলে জানান তিনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial