প্রধান সূচি

নাজিরপুরে স্কুলের জমি দখল করে সভাপতির ভাইয়ের ভবন নির্মান

পিরোজপুরের নাজিরপুরের দীঘিরজান কলেজিয়টে স্কুলের জমি দখল করে পাকা ভবন তৈরীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. ছিদ্দিকুর রহমান ফকির উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গত মঙ্গলবার দেয়া ওই অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছোরাফ হোসেন শেখের ছোট ভাই মো. এমদাদ হোসেন প্রভাব খাটিয়ে ওই বিদ্যালয়ের নিজস্ব জমিতে পাকা ভবন তৈরী করতে আরসিসি পিলার স্থাপন করছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের পূর্ব পাশের খেলার মাঠ দখল করে ওই ভবন তৈরী করা হচ্ছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আইয়ুব আলীসহ একাধিক সদস্যরা জানান, ওই জমি দখলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক দখলকারীকে ভবন তৈরীতে গোপনে সহযোগিতা করছেন। আমরা (সদস্য) তাদের (সভাপতি ও প্রধান শিক্ষক) অভিযোগ দিতে বললেও তারা এড়িয়ে যাচ্ছেন।

এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির আলমকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি। তবে ম্যানেজিং কমিটির সভাপতি জানান, বিদ্যালয়ের জমি কেউ  দখল করলে প্রধান শিক্ষক বা আমি অভিযোগ দেব।

এ ব্যাপারে জমি দখলকারী মো. এমদাদ হোসেন বলেন, স্কুলের সাথে তার একটি কমপ্রোমাইজ (আপোষ) হয়েছে এবং তিনি তার ক্রয়কৃত নিজস্ব জমিতেই ভবন তৈরী করছেন বলে দাবী করেন।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়ে সেখানে নির্মান কাজ বন্ধের ব্যবস্থা নিতে ভূমি অফিসকে বলা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial