প্রধান সূচি

ব্যক্তি উদ্যোগে সংস্কার করা সড়কটিও ভেঙ্গে গেল জোয়ারের পানিতে ॥ দুর্ভোগে এলাকাবাসী

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদী সংলগ্ন পূর্ব চরবলেশ্বর গ্রামের এলজিইডি সড়কটি সুপার সাইক্লোন সিডরে ক্ষতিগ্রস্থ হয় দীর্ঘ ১৩ বছর আগে। এরপর বিভিন্ন সময়ের জলোচ্ছ্বাসে সড়কটি ক্ষতিগ্রস্থ হওয়ায় সংস্কারের ব্যাপারে প্রতি বছর জনপ্রতিনিধিদের আশ্বাসের মাঝেই কেটে গেছে ১৩টি বছর। এই সড়কটি দিয়ে পূর্ব চরবলেশ্বর গ্রামের অসংখ্য শিক্ষার্থীদের স্কুল, কলেজ, মাদরাসায় যেতে হয়। এছাড়া স্থানীয় বাসিন্দাদের নিকটস্থ বালিপাড়া বাজারে কেনাবেচার জন্যও এই সড়কটি দিয়েই যাতায়াত করতে হয় প্রতিনিয়ত। প্রায় এক কিলোমিটার এ সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় অনুপযোগী হয়ে পড়ে জনসাধারণের চলাচল।

গত দুই মাস আগে সড়কটির কিছু অংশ ইট বালু দিয়ে ব্যক্তিগত উদ্যোগে মেরামত করে দিয়েছিলেন সেচ্ছাসেবী সংগঠন এইচডিটির পরিচালক নাসির উদ্দিন হাওলাদার। কিন্তু গত কয়েক দিন আগে আমাবশ্যার জোয়ারের পানির চাপে সুলতান খানের বাড়ির সামনে দিয়ে ভেঙ্গে যায় সড়কটি। চলতি বর্ষা মৌসুমে বেড়িবাঁধ ও খাল সংলগ্ন পাশ্ববর্তী দুটি রাস্তা ভেঙ্গে যাওয়ায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ার কারনে এ সড়কটি ভেঙ্গে গেছে বলে জানান স্থানীয়রা। তবে সড়কটির বর্তমান এ দুরাবস্থার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগের যেন শেষ নেই। তাই ভেঙ্গে যাওয়া অংশ মেরামতসহ সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় মুক্তিযোদ্ধা মো. শাহজাহান হাওলাদার জানান, গত কয়েক দিন আগে জোয়ারের পানির চাপে সড়কটি ভেঙ্গে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। সড়কটি দ্রুত মেরামত করা জরুরী।

স্থানীয় ইউপি সদস্য মো. ছগির হাওলাদার জানান, সড়কটির অবস্থা বর্তমানে খুবই বেহাল। সড়কটি মেরামতের জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

উপজেলা চেয়ারম্যান এম মতিউর রহমান বলেন, সিডর, আইলা, আম্ফান, বুলবুল ও ইয়াস সহ বিভিন্ন সময়ের জলোচ্ছাসে এই সড়কটি ক্ষতিগ্রস্থ হয়। সড়কটি দিয়ে বর্তমানে জনসাধারনের চলাচল করতে খুব কস্ট হচ্ছে। তাই সড়কটি যাতে দ্রুত সংস্কার হয় সেজন্য স্থানীয় সংসদ সদস্য সহ সংশ্লিস্ট দপ্তরে তালিকা পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial