মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ঘরে কৃষকের লাশ ॥ থানায় হত্যার অভিযোগ
পিরোজপুরের মঠবাড়িয়ায় বারেক গাজী (৬০) নামে এক কৃষকের রহস্যজনক মৃত্যু হয়েছে প্রতিপক্ষ ইউনুস হাওলাদারের ঘরে। বারেক গাজী উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত. শেরআলী গাজীর ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ঘটনার তিন দিন পর বুধবার রাতে মৃত ওই কৃষকের ভাই আব্দুল হালিম গাজী বাদী হয়ে ইউনুস হাওলাদারের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত ইউনুস হাওলাদার একই গ্রামের মৃত. ওয়াজেদ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৯ আগষ্ট সকালে বারেক গাজী তার জমিতে ইরি ধানের বীজ (চারা) রোপণ করে। ওইদিন বিকেলে প্রভাবশালী ইউনুস হাওলাদারের বীজতলা থেকে অজ্ঞাত ব্যক্তি বীজ চুরি করে নিলে বারেক গাজীকে সন্দেহ করে এবং তার বাড়িতে গিয়ে গালাগালি ও হুমকি দেয়। বারেক গাজী সন্ধ্যার পর বাড়িতে এসে বিষয়টি ভালোভাবে জানার জন্য রাতে ইউনুস হাওলাদারের বাড়িতে যান। এসময় তাকে মারধার করা হলে ঘটনাস্থলেই বারেক গাজী মারা যায়।
মঠবাড়িয়া থানার অফিসার ওসি নুরুল ইসলাম বাদল লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
