মঠবাড়িয়ায় অধ্যক্ষকে লাঞ্চিতের ঘটনায় সেই নারী কর্মচারী বরখাস্ত
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সাফা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় মঙ্গলবার তদন্ত শুরু হয়েছে। ইতোমধ্যে কলেজ গভর্নিং বডি অভিযুক্ত অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করেছে।
অধ্যক্ষ লাঞ্চিতের ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠিত হয়। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ও গভর্নিং বডির গঠিত কমিটিও তদন্ত করছে। বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির প্রধান মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা নিশ্চিত করেছেন।
এর আগে কলেজ গভর্নিং বডির এক জরুরী সভায় শিক্ষানুরাগী সদস্য আবু মোতালেব মধুকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ দিনের মধ্যে কলেজ গভর্নিং বডির সভাপতি বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে, অধ্যক্ষের ওপর হামলা মামলার একমাত্র আসামী অফিস সহকারী ফরিদা ইয়াসমিন বিজ্ঞ আদালত থেকে জামিন পেয়েছে বলে জানা গেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট অফিস চলাকালীন সময় সাফা কলেজের অফিস সহকারি ফরিদা ইয়াসমিন প্রকাশ্যে কলেজ অধ্যক্ষকে জুতা পেটা করে। এ ঘটনার পরের দিন আহত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে ১৮ আগস্ট ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন।
