স্বরূপকাঠীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের বিরুদ্ধে আ’লীগ নেতাকে মারধরের অভিযোগ
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের নব নির্বাচিত (স্বতন্ত্র) ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নেতৃত্বে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
রফিকুল ইসলাম সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউপি নির্বাচনে ওই ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শেখর কুমার সিকদারের সমর্থক ছিলেন। রফিক ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
গত ১৪ জুলাই নেছারাবাদ উপজেলার নবনির্বচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে ওইদিন রাতেই আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলামকে মারধরের অভিযোগ ওঠে চেয়ারম্যান মিঠুন হালদারের বিরুদ্ধে। ১৪ জুলাই বুধবার রাত ১১টার দিকে ইউনিয়নের ব্রাক্ষ্মনকাঠিতে এলাকায় এ মারধরের ঘটনা ঘটে।
চেয়াম্যান মিঠুন হালদারের নেতৃত্বে তার লোকজনের মারধরে রফিক একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে উদ্ধার করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে।
সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার হালদার অভিযোগ করেন, রফিক ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সে ইউপি নির্বাচনে নৌকা মার্কার নির্বাচন করেছেন। গত বুধবার সকালে মিঠুন হালদার চেয়ারম্যান হিসেবে শপথবাক্য পাঠ করে রাতেই তার নেতৃত্বে এলাকার তাপশ মজুমদার, অমিত রায়, সজল সিকদার ও বাপ্পি মজুমদার আমার কর্মী রফিককে বেদম মারধর করে। এতে রফিক ঘটনাস্থলেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রফিকের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় স্বজনরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে নিয়ে গেছেন।
অভিযোগ অস্বীকার করে নবনিযুক্ত চেয়ারম্যান মিঠুন হালদার বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম। রাতে একটা ফোনে জানতে পারি, রফিক আনুমানিক রাত পৌনে ১২টার দিকে অমিত রায়ের বাসার সামনে দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় অমিত রফিকের মোটর সাইকেল গতিরোধ করে এতো রাতে কোথায় যাওয়া হচ্ছে জানতে চায়। এতে রফিক ক্ষিপ্ত হয়ে অমিতের উপর উত্তেজিত হয়ে যায়। একপর্যায়ে রফিকের সাথে অমিতের ধাক্কাধাক্কি হয় মাত্র।
নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।
