পিরোজপুরের কদমতলা ইউপি নির্বাচন
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার কদমতলার ইউপি নির্বাচনকে কেন্দ্র করে কয়েক দফা সহিংস ঘটনা ঘটেছে। মনোনয়নপত্র দাখিলের কয়েক দিন পূর্বেও দু’পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষে ৮ জন আহত হয়।
বৃহস্পতিবার দুপুরে কদমতলা ইউপি চেয়ারম্যান প্রার্থী সিহাব হোসেনের নেতৃত্বে পিরোজপুরে মনোনয়নপত্র দাখিল করে ফেরার পথে শহরের পিটিআই’র কাছে সিহাব হোসেনের সমর্থকদের ধাওয়া করে প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. হানিফ খানের লোকজন। হামলায় সিহাব হোসেনের সমর্থকদের ৫ জন আহত হয়। পুলিশ খবর পেয়ে তাদেরকে হাসপাতালে নিয়ে আসে। আহতরা হলো শহীদ শেখ, সিদ্দক, মাহাতাব শেখ, বেনজির, তানভির।
চেয়ারম্যান প্রার্থী সিহাব হোসেন জানান, তিনি তার সমর্থকসহ মনোনয়নপত্র দাখিল করে ফেরার পথে পিটিআই এর কাছে পৌঁছালে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী হানিফ খানের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার (সিহাব হোসেন) ৫/৬ জন সমর্থককে আহত করে। পরে পুলিশ এসে আহতদেরকে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
তিনি আরো জানান, এ ঘটনা ধামাচাঁপা দিতে এবং আমাদের সমর্থকদের ফাঁসাতে ইউনিয়নের নিকারিহাট খোলায় ৩ জনকে দিয়ে একটি ঘটনা সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়ে পাল্টা মামলা দিয়েছে। হনিফ খানের সন্ত্রাসীদের হামলায় আহত শহীদ শেখ হাসপাতালে ভর্তি থাকলেও তাকেও আসামী করা হয়েছে। আমাদের সমর্থকরা নিকারিহাট খোলায় কোন হামলার ঘটনা ঘটায় নি।
অপর দিকে, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী হানিফ খানের সহধর্মীনি নাসিমা খানম জানান, নিকারিহাট খোলায় হামলা চালিয়ে আমাদের ৩ কর্মীকে আহত করেছে চেয়ারম্যান প্রার্থী সিহাব হোসেনের লোকজন । আহতরা হলেন, উত্তর পোরগোলা এলাকার দেলোয়ার ব্যাপারী, জামাল মল্লিক, রাসেল মোল্লা।
সদর থানার ওসি নুরুল ইসলাম বাদল জানান, কদমতলার ২টি ঘটনায় মামলা হয়েছে।
