ভান্ডারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১ : আহত ৯
পিরোজপুরের ভান্ডারিয়া-চরখালী (ব্র্যাক সংলগ্ন) বাইপাস মোড়ে আজ রবিবার দুপুরে ব্যাটারী চালিত ইজিবাইক ও আখি পরিবহন নামের একটি অনুমোদনবিহীন ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন হাবীর মীর (৬০) নামে এক দিনমজুর। সে ইন্দুরকানী উপজেলার আ. ওয়াহাব আলী মীরের ছেলে।
হাবীর মীর ছারর্শিনা মাহফিল শেষে বাড়ীতে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় ইজিবাইকে থাকা আরও ৯ যাত্রী আহত হন। গুরুতর আহত ৬ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরা হচ্ছেন- নদমুলা গ্রামের মানিক খানের ছেলে দর্জি কামরুল খান (৫০), তার স্ত্রী তাসলিমা বেগম (৩৫), মেয়ে স্কুলছাত্রী ফারজানা ইয়াসমীন (মীম) (১৫), পশারিবুনিয়া গ্রামের মিল্টন হাওলাদারের স্ত্রী মিনতী হাওলাদার (৩৫), তার দুই মেয়ে স্কুলছাত্রী কৃষ্ণা (১৩) ও কথা (৭)।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন- খুলনার আবুল কাসেমের স্ত্রী মমতাজ বেগম (৪০), ইন্দুরকানীর মোশারফ হাওলাদারের ছেলে আ. জলিল (৪০), ও রাজাপুর উপজেলার কানুদাসকাঠী গ্রামের মানিক।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাসুমুর রহমান বিশ^াস জানান, ট্রলিটি আটক করা হয়েছে। ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
