পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু ॥ বসতঘর পুড়ে ছাঁই
পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে মো. সাইফুল ইসলাম (২০) ও মনি বেগম (১৮) এক দম্পতির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে মঠবাড়িয়া পৌর শহরের ৬নং ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আগুনে তাদের বসত ঘর পুড়ে ছাঁই হয়েছে।
নিহত অটো চালক সাইফুল ইসলাম স্থানীয় নলবুনিয়া গ্রামের বারেকের ছেলে। বারেক মঠবাড়িয়া পৌর শহরের বাজারে দীর্ঘদিন ধরে পানি বহনের কাজ করে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাত ৫টার দিকে ওই বসত ঘরটিতে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ওই ঘরের দোতালায় ঘুমে থাকা অটোচালক সাইফুল ও তার স্ত্রী মনি বেগম ঘর থেকে বের হতে না পারায় আগুনে দ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
মঠবড়িয়া ফায়ার সার্ভিসের ষ্টেশন মাস্টার মো. সুমন জানান, বৈদ্যুতিক র্শটসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্র জানায়, গত ৩ মাস আগে ওই দম্পতির বিয়ে হয়েছিল। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।
