প্রধান সূচি

রাজনীতিতে সৌজন্য বোধ থাকতে হবে : আনোয়ার হোসেন মঞ্জু

জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, রাজনীতিতে সৌজন্য বোধ থাকতে হবে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে যারাই রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান ছিলেন তারা সকলেই দেশ গঠনে যথাসাধ্য ভূমিকা রেখেছেন। ক্ষমতা শেষে বা পদত্যাগের পর তাদের চরিত্র হরণ করে বক্তব্য দেয়া বা অকথ্য ভাষায় সমালোচনা করা রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত। ক্ষমতায় থাকা কালে দেশ ও মানুষের কল্যাণে সবাই-ই দেশে ও মানুষের কল্যাণে যথাসাধ্য চেষ্টা করেছেন। তাদের অবদানকে অবশ্যই স্বীকার করতে হবে।
আজ শনিবার পিরোজপুর পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের কাপালিরহাট বাজার সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি (জেপি)’র এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণের ঐক্যই হচ্ছে আমাদের শক্তি। আমরা আমাদের নিজস্ব রাজনৈতিক দল, আদর্শ, মতবাদ ও নির্বাচনী প্রতীক নিয়ে মাঠে আছি। অনেকই আমাদের বড় দলভূক্ত হতে বললেও এলাকার মানুষের মনোভাবকে উপলব্ধি করে তাদের সমর্থন ও আস্থার উপর নির্ভর করেই রাজনীতি করি। আমরা এলাকার মানুষকে দলমত-সম্প্রদায়ে নির্বিশেষে ঐক্যবদ্ধ করে কাজ করি। ভারতীয় হাইকমিশনার হংষবর্ধন শ্রিংলা যখন ভান্ডারিয়া সুপেয় পানি প্রকল্প উদ্বোধন করতে এসেছিলেন তখন মঞ্চ ও সমাবেশ স্থলে সব দলের রাজনৈতিক নেতা, হিন্দু-মুসলিম সব সম্প্রদায়ের মানুষ সমবেত হয়েছিলেন। আমরা সবাই দেশের স্বাধীনতা চেয়েছি সকলের অবস্থার পরিবর্তনের জন্য, আমাদের ভাগ্য বদলের জন্য, অর্থনৈতিক উন্নয়নে জন্য। মানুষ পাকা সড়ক দিয়ে হাঁটবে-গাড়ীতে চড়বে, চিকিৎসা সুবিধা পাবে, ছেলে-মেয়েরা লেখাপড়া শিখবে এটাই ছিলো আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, কাজ। দীর্ঘ ৩৬ বছর আগে আমরা যে পথে যাত্রা শুরু করেছিলাম তা আগামীতে আরও মসৃণ হবে, প্রশস্ত হবে, আগামীতে মানুষের অর্থনৈতিক অবস্থা আরও উন্নত হবে। ভান্ডারিয়ায় যখন আমি প্রথম আসি এলাকার শিক্ষিত-ভদ্র-বিচক্ষণ মানুষের সাথে কথা হতো। এখন তরুণদের কথা শুনতে হয়। বিগত সময়ে কখনো নির্বাচনকালে, কখনো স্বাভাবিক সময় সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। সরকারে থেকেছি কি সংসদে থেকেছি মানুষের সাথে সম্পর্ক গভীরভাবে বজায় রাখার চেষ্টা করেছি।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমি বারবার দু’টি কথা বলেছি মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং নিজেদের মধ্যে ঝগড়া-ফ্যাসাদ করা যাবে না, যা আল্লাহ নিষেধ করেছেন। আমি ভান্ডারিয়ার মানুষকে দেশব্যাপী আত্মপরিচয়ে পরিচিত ও বলীয়ান থাকার জন্য মন্ত্র দিয়েছি। আজ এখানকার মানুষ ঐক্যবদ্ধ। আমরা প্রথমদিকে বলতাম ইনশাল্লাহ মানুষের ভাগ্যের পরিবর্তন করবো। এখন আমরা বলছি পরিবর্তন করছি। এলাকার মানুষ ঐক্যবদ্ধ থাকলে তাদের প্রতি কোন আঘাত আসলে তা দৃঢ়তার সাথে মোকাবেলা করা যায়। এ ক্ষেত্রে আমরা সবসময় আপনাদের সাথে আছি। ভাণ্ডারিয়ার উপর আল্লাহতালার বিশেষ রহমত আছে। আমার পরে সব অন্ধকার হবে এই রাজনীতিতে আমি বিশ^াস করি না। ভবিষ্যতে যারা আসবে তারা আমাদের চাইতে আরও ভালো করবে এ পথ আমরা তৈরী করে যাবো। জাতীয় পার্টি-জেপি মানুষের কল্যাণে রাজনীতি করে। আমরা ১৪দলে আছি, আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে হলে জাতীয় পার্টিসহ শরিকদলদের মূল্যায়ন করতে হবে।
ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়ন জাতীয় পার্টি (জেপি)’র কর্মী সমাবেশে উপজেলা জেপি’র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা জেপি’র সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপি’র মো. রেজা আহমেদ দুলাল, সাইদুর রহমান সাব্বির প্রমুখ।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা জেপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ওসাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, জাতীয় পার্টিÑজেপি’র মহিলা পার্টির উপজেলা সভানেত্রী ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আখতার, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল আলম খোকন মৃধা, মাওলানা নুরুল হক, জেপি নেতা শফিকুল আলম খোকন সিকদার, উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক ও পিরোজপুর জেলা পরিষদ সদস্য মো. রেজাউল হক রেজভী জোমাদ্দার, সদস্য সচিব মামুনুর রশিদ সরদার, স্বেচ্ছা সেবক পার্টির আহ্বায়ক মো. মনির সরদার, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক সালাহ উদ্দিন রাহাত জোমাদ্দার, স্থানীয় জেপি নেতা মো. কামাল হোসেন খান, মামুন হাওলাদার, যুব সংহতির ইউনিয়ন সভাপতি মতিউর রহমান বুলবুল, সাধারণ সম্পাদক খায়রুল আলমসহ জেপি ও অঙ্গ সংগঠনের ভাণ্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলা-ইউনিয়ন নেতৃবৃন্দ।
আনোয়ার হোসেন মঞ্জু এমপি এদিন বিকেলে ভান্ডারিয়ার গৌরীপুরে এক দোয়া-মাহফিলে বলেন, এখানকার নব্য ধনীদের কেউ কেউ ভূমি দখল করায় জমি-জমা নিয়ে দ্বন্দ্ব ফ্যাসাদ সৃষ্টি হয়েছিলো। যার পরিণতিতে আমার দলের একজন সক্রিয় সদস্য ঘনিষ্ঠ সহকর্মী আক্তারুজ্জামান দুলাল চেয়ারম্যানকে হত্যা করা হয়েছিলো। এই ক্ষতি শুধু গৌরীপুরের নয়, সারা ভান্ডারিয়ায়। এই ইউনিয়নের রাস্তা-ঘাটসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন ঘটেছে। গৌরীপুর ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আক্তারুজ্জামান দুলালের নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রীপুর গ্রামে আয়োজিত এক দোয়া-মাহফিল অনুষ্ঠানে আনোয়ার হোসেন মঞ্জু বক্তব্য রাখেন এবং মরহুমের কবর জিয়ারত করেন।
এর আগে দুপুরে জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার মঞ্জু এমপি ভান্ডারিয়া পৌরসভায় শেখ কামাল অডিটরিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিনে করোনা সংক্রমণ ভাইরাস পরীক্ষার খোঁজ খবর নেন এবং ভান্ডারিয়া থানার নবনির্মিত ভবনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
শনিবার রাতে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার মঞ্জু এমপি ভান্ডারিয়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খান এনায়েত করিমের পিতা মরহুম চেয়ারম্যান আব্দুর রশিদ খানের কবর জিয়ারত এবং মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সকল স্থানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মহারাজ, উপজেলা জাতীয় পার্টি-জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, যুগ্ম আহ্বায়ক ও ভান্ডারিয়া পৌর কাউন্সিলর মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ এ কামাল, ভান্ডারিয়া থানার ওসি এস এম মাকসুদুর রহমান, উপজেলা জেপির যুগ্ম আহবায়ক এবং গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান খান এনামুল করিম পান্না, উপজেলা জাতীয় পার্টি-জেপির যুগ্ম আহ্বায়ক ও গৌরীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. বদিউজ্জামান টিপু, ভান্ডারিয়া পৌর কমিশনার মানিক হাওলাদার, মঞ্জু রানী সিংহ ছাড়াও স্ব স্ব এলাকার প্রবীণ-গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির নতুন কমিটি ঘোষণা
শনিবার বিকেলে অনুষ্ঠিত কর্মীসভায় রেজা আহম্মদ দুলালকে সভাপতি, মো. সাইদুর রহমান সাব্বিরকে সাধারণ সম্পাদক এবং মো. মামুন হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ভিটাবাড়িয়া ইউনিয়নের জেপি’র ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। পারভিন রহমানকে সভাপতি, নাছিমা আক্তারকে সাধারণ সম্পাদক এবং অনামিকা সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে উক্ত ইউনিয়নের জাতীয় পার্টি-জেপি মহিলা পার্টির ১০১ সদস্য বিশিষ্ট নতুন কমিটিও ঘোষণা করা হয়।
দুস্থ কল্যাণ সংস্থার কম্বল বিতরণ
জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার মঞ্জু এমপি এর প্রতিষ্ঠিত বেসরকারি সামাজিক উন্নয়নমূলক দুঃস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অস্বচ্ছল, অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বিতরণ কাজে অংশ নেন গৌরীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, সংস্থার সমন্বয়ক মো. আতিকুজ্জামান খোকন, কাজী আতাহার হোসেন ও মো. কবির হোসেন হাওলাদার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial