স্ত্রীর সাথে অভিমান করে ঘরে আগুন দিলেন স্বামী
বাগেরহাটের শরণখোলায় স্ত্রীর সাথে ঝগড়ার একপর্যায় নিজের বসতঘরে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে এক জেলে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর রাজাপুর গ্রামে।
জেলের স্ত্রী আকলিমা বেগম জানায়, উত্তর রাজাপুর গ্রামের আ. হক সরদারের ছেলে লোকমান সরদার (৪২)’র সাথে প্রায় ১৮ বছর পূর্বে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ১টি ছেলে ও ২টি মেয়ে রয়েছে।
জেলে লোকমান গভীর সমুদ্রে মাছ ধরে বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ী ফিরে স্ত্রী আকলিমার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথার কাটাকাটি শুরু করে। একপর্যায়ে আকলিমা (৩৬) ছেলে মেয়েদের নিয়ে পার্শ্ববর্তী হাসান হাওলাদারের বসতঘরে আশ্রয় নেয়। পরে লোকমান রাত ১০টার দিকে নিজ বসতঘরে কেরাসিন দিয়ে আগুন লাগিয়ে দ্রুত মোটর সাইকেলযোগে এলাকা ত্যাগ করে।
খবর পেয়ে শরণখোলা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় পার্শ্ববর্তী হাসানের বসতঘরটি রক্ষা পেলেও লোকমানের বসতঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।
আকলিমা জানান, আমাদের পড়ণের কাপড় ছাড়া বাকী সব পুড়ে ছাঁই হওয়ায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট ইউপি সদস্য জাকির হোসেন জানায়, স্ত্রীর সাথে মনোমালিন্য ও তুচ্ছ ঘটনায় কেরোসিন দিয়ে নিজ বসতঘরে আগুন ধরিয়ে এলাকা ত্যাগ করেছেন লোকমান।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. ছাইদুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
