পিরোজপুরে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি
পিরোজপুরের সাড়ে তিনশত স্বাস্থ্য সহকারীর কর্মবিরতিতে প্রায় জেলার ১৪ লাখ লোক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। জেলার ৭টি উপজেলায় বৃহস্পতিবার সকাল থেকে স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি চলছে। এতে জেলার ১৫ স্বাস্থ্য পরিদর্শক, ৫৯ জন সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও ২৭৮ জন স্বাস্থ্য সহকারী অংশ গ্রহন করেন।
বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন এর পিরোজপুর জেলা সভাপতি মো. জাহিদুল ইসলাম জানান, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবীতে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জেলায় এ কর্মসূচি পালন করা হচ্ছে। কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী অনির্দিষ্ট কালের জন্য এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে আমাদের (স্বাস্থ্য সহকারী) বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। ২০১৮ সালে ২ জানুয়ারী ততকালীন স্বাস্থ্য মন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি কমিটি গঠন করে দেন। এছাড়া চলতি বছরের ২০ ফেব্রুয়ারী আমরা হাম-রুবেলা ক্যাম্পেইন বর্জন করলে স্বাস্থ্য মন্ত্রী, সচিব ও মহাপরিচালক আমাদের দাবি সমূহ মেনে নিয়ে লিখিত সমঝোতা পত্রে স্বাক্ষর করেন। কিন্তু সে অনুযায়ী আমারা এখানো কোন সুবিধা পাইনি। আমাদের এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই। তিনি আরো জানান, জেলার প্রায় ১৪ লাখ লোককে আমরা স্বাস্থ্য সেবা নিশ্চিত করে আসছি।
