প্রধান সূচি

রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব আর সম্পদের জন্য নয় : শ ম রেজাউল করিম এমপি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, রাজনীতির ক্ষমতা নিজের বিত্ত-বৈভব আর সম্পদের জন্য নয়। এ ক্ষমতা মানুষের উপকারের জন্য, দেশের উন্নয়নে কাজ করার জন্য। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দুর্নীতি, অনিয়ম করেন না। তাঁর আপনজনেরা কেউ দুর্নীতি-অনিয়ম করেন না। তারা মনে করেন মানুষের সেবা করার নাম রাজনীতি।
আজ রবিবার পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও কলারদোয়ানিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, নাজিরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাহমি মো. সায়েফ, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোজিনা নাসরিন। এ সময় কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উন্নয়নে কাজ করছেন। তিনি দিন-রাত পরিশ্রম করছেন, যাতে দেশের একজন মানুষও খাবারের অভাবে না থাকে। একজন মানুষও যেনো চিকিৎসার অভাবে দুরবস্থায় না থাকে। তিনি রাস্তা ঘাটসহ সকল ক্ষেত্রে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পৃথিবীর বড় বড় রাষ্ট্র বলছে, শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে পরিশ্রমী এবং সৎ তিনজন প্রধানমন্ত্রীর একজন।
শ ম রেজাউল করিম বলেন, স্থানীয় উন্নয়নে যা করা দরকার, সাধ্যমত সরকারের প্রকল্প থেকে সেটা করা হবে। সামাজিক প্রতিষ্ঠানে বরাদ্দকৃত অর্থ হিসেব করে মসজিদ-মন্দিরে ভাগ করে দেয়া হয়েছে। এবছর দূর্গাপূজায় স্মরণাতীতকালে সবচেয়ে বেশি অর্থ আমার নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদে দেয়া হয়েছে। একইভাবে বিপর্যস্ত মসজিদের উন্নয়ন করতে হবে। কালভার্ট, ব্রীজ, রাস্তা, স্কুল-কলেজ, মন্দির-মসজিদসহ সকল প্রতিষ্ঠান সাধ্যমতো আমি উন্নয়নের চেষ্টা করবো। কোন মসজিদ-মন্দির উন্নয়ন ব্যাতীত পড়ে থাকবে না।

মন্ত্রী এদিন সকালে নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউপি থেকে চাঁদকাঠী হাট সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন, মুগারঝোর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উত্তর পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পূর্ব কলারদোয়ানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দুপুরে তিনি বেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন তিনি। বিকেলে কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উন্মোচন ও মুনিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী। পরে মন্ত্রী উপজেলার লেবুজিলবুনিয়া ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial