আমেরিকায় দুটি স্বর্ণ পদক পেলেন কাউখালীর সন্তান জাহাঙ্গীর
মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ন্যাচারাল অলিম্পিয়া প্রতিযোগিতায় দুটি স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভুত জাহাঙ্গীর আজিজি। একটি স্বর্ণ পদক লাভ করেন বডি বিল্ডিংয়ে আর অপরটি পান স্পোর্টস মডেলে।
জাহাঙ্গীর আজিজি পিরোজপুরের কাউখালী উপজেলার আসপর্দী গ্রামের মো. শাহজাহান আলীর বড় ছেলে। গ্র্যান্ড মাস্টার ক্যাটাগরিতে পঞ্চাশোর্ধ বয়সীদের ইভেন্টে অংশ নিয়ে দুটি স্বর্ণ পদক ছিনিয়ে আনেন জাহাঙ্গীর আজিজি।
সম্প্রতি এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ল্যাস ভেগাসের গোল্ডেন নাগেটস ক্যাসিনোতে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে যুক্তরাষ্ট্রে যান জাহাঙ্গীর আজিজি। দীর্ঘদিন তিনি নিউইয়র্ক এ বসবাসের পর ২০০৩ সালে পেনসিলভেনিয়ার আপার ডারভিতে বসবাস শুরু করেন। ২০১৯ সালে স্পোর্টস মডেল প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করলেও চলতি বছর তিনি প্রথম হয়ে স্বর্ণ পদক পান। এছাড়ার গত বছর বডি বিল্ডিং প্রতিযোগিতায় চতুর্থ স্থান পেলেও চলতি বছর প্রথম হয়ে স্বর্ণ পদক লাভ করেন।
আমেরিকার নাগরিক হয়েও জাহাঙ্গীর আজিজি ন্যাচারাল অলিম্পিয়ায় বাংলাদেশের প্রতিনিধি হয়ে অংশ নেন এবং দুটি ইভেন্টে স্বর্ণ পদক জয়লাভ করেন।
বাংলাদেশ সাফ গেমস এ তিনি ১৯৮৭ ও ১৯৮৮ সালে স্বর্ণ পদক লাভ করেছিলেন। এছাড়াও তিনি ১৯৮৯ সালে মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় মিস্টার বাংলাদেশ খেতাব অর্জন করেছিলেন।
