কাউখালীতে মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড
পিরোজপুরের কাউখালীতে মায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি)জান্নাত আরা তিথি এই দন্ড দেন।
সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন কাউখালীর চিরাপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নের দক্ষিন নিলতী গ্রামের মো. শাহাজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদার (২২)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার মা হেলেনা বেগম মাদকাসক্ত ছেলের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগ করেন।
হেলেনা বেগম জানান, চাঁন অটোরিক্সা চালাতো। প্রায় ৩/৪ বছর বছর আগে সে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য চাঁন প্রায়ই বাড়িতে অত্যাচার করতো। বর্তমানে তার অত্যাচারের মাত্রা আরও বেড়ে যায়। শনিবার সে মাদকের টাকার জন্য নিজের ঘরে ভাংচুর চালায়। অতিষ্ঠ হয়ে কোনো উপায় না পেয়ে তিনি ও তার বড় ছেলে স্বপন হাওলাদার কাউখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন।
ইউএনও মোছা. খালেদা খাতুন রেখা বলেন, মাদকাসক্ত হয়ে ওই যুবক পরিবার ও বাইরের মানুষের ওপর অত্যাচার চালাতো। তার মা এ বিষয়ে অভিযোগ করেন। আমি তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি ও কাউখালী থানার পুলিশ ঘটনাস্থলে পাঠাই। ভ্রাম্যমান আদালত বাড়ি গিয়ে চাঁনকে আটক করে। এসময় তার কাছে দুই পিস ইয়াবার ট্যাবলেট ও মাদকদ্রব্য সেবনের সরঞ্জাম পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাত আরা তিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এক বছরের কারাদন্ড দেয়।
