মঠবাড়িয়ায় সড়ক প্রশস্ত করণের দাবীতে মানববন্ধন
পিরোজপুরের মঠবাড়িয়া শহরের প্রধান সড়কের থানাপাড়া-বহেরাতলা পর্যন্ত বেহাল হয়ে পড়েছে। সড়কটি ৩০ ফুট চওড়াকরণ ও দ্রুত নির্মানের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধনে সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, বনিক সমিতি, সাংস্কৃতিক কর্মী, পাঠাগার আন্দোলন কর্মীসহ ভূক্তভোগী পৌরবাসীরা অংশ নেন।
মানববন্ধন শেষে শহীদ মিনার সম্মূখ সড়কে সমাবেশে প্রেসক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ উল হক, বনিক সমিতির সভাপতি সামসুল আলম, অধ্যক্ষ আলমগীর হোসেন খান, প্রাক্তন প্রধান শিক্ষক নুর হোসেন মোল্লা, শিক্ষক রনজিৎ চন্দ্র শীল, সাবেক যুবলীগ নেতা সাকিল আহম্মেদ নওরোজ, প্রভাষক জুলহাস শাহিন, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মিজানুর রহমান মিজু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল আজাদ প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, মঠবাড়িয়া প্রথম শ্রেণীর পৌরসভার প্রধান সড়কের থানাপাড়া-বহেরাতলা পর্যন্ত দেড় কিলোমিটার জুড়ে গত ১৫ বছর ধরে চরম বেহাল অবস্থা বিরাজ করছে। সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন এ সড়কে নকশায় ৩৬ ফুট হলে দুই পাশে নানা স্থাপনা গড়ে উঠে সড়কের জমি বেদখল হওয়ায় সড়কটি অপ্রশস্ত হয়ে পড়েছে। এছাড়া সড়কের দুই পাশে কোনও ফুটপাত না থাকায় পথচারীরা ব্যস্ততম সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে। বর্তমানে সড়কে শত শত খানাখন্দ ও জলকাঁদায় পরিপূর্ণ অবস্থা বিরাজ করায় পৌরবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
