মোংলা বন্দরকে আরো শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে : এনবিআর চেয়ারম্যান
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, মোংলা বন্দরকে যেভাবেই হোক আরো বেশি শক্তিশালী ও আধুনিকায়ন করতে হবে। এ বন্দর আরো বেশি কার্গো হ্যান্ডেলিং যাতে করতে পারে সেজন্য যে সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করতে হবে।
শনিবার সকালে মোংলা কাস্টমস হাউসে ‘কাস্টমস ই- পেমেন্ট’ বিষয়ক সচেতনতামূলক সেমিনার শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি আবু হেনা মো. রহমাতুল মুনিম সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
সেমিনারে তিনি বলেন, ২০২২ সালের ১ জানুয়ারী থেকে দেশের সকল কাস্টমস হাউজ ও কাস্টমস ষ্টেশনে শুল্ক, কর, ফি, সব ধরণের চার্জ পরিশোধের পদ্ধতি ই-পেমেন্ট বাধ্যতামূলক করা হবে।
সেমিনারে উপস্থিত ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান, সদস্য মো. সাইফুল ইসলাম, সদস্য ড. আব্দুল মান্নান শিকদার, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি শেখ লিয়াকত হোসেন লিটন, মোংলা কাস্টমস হাউসের কমিশনার হোসেন আহমদ।
পরে এনবিআর চেয়ারম্যান মোংলা বন্দর কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন। এসময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের নানা সমস্যার বিষয় তুলে ধরা হয়।
এসময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম আরো বলেন, শুধু বাংলাদেশ নয়, যে কোন জায়গায়, যে কোন কাজে ও বিষয়ে অনেক সমস্যা থাকবে। সমস্যার ভিতর দিয়ে কাজ করতে হবে। সমস্যাগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এর থেকে উত্তরণ ঘটাতে হবে। সমস্যাগুলো শুধু এনবিআর সম্পর্কিত নয়, বন্দর ও কাস্টম কর্তৃপক্ষসহ অন্যান্য বিভাগ জড়িত রয়েছে। সকল বিভাগের সাথে আলোচনা করে এ সমস্যা সমাধান করা হবে।
