প্রধান সূচি

চীনা নাগরিক লাওফাং হত্যার দ্রুত বিচার করবে সরকার : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করীম

পিরোজপুরে ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রধান টেকনিশিয়ান চীনের নাগরিক প্যান ইয়ানজান লাওফাং হত্যার ঘটনায় সরকার দ্রুত বিচারের ব্যবস্থা করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান । মন্ত্রী বলেন, আমাদের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার চীন। তাই চীনের নাগরিক হত্যার দ্রুত বিচারের ব্যবস্থা করবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অপরাধীদের অভয়ারণ্য হতে দেবেন না। তিনি প্রমাণ করে দিয়েছেন অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।
শ ম রেজাউল করিম আরও বলেন, চীন আমাদের দেশের ব্যাপক উন্নয়নে সক্রিয়ভাবে জড়িত রয়েছে। চীন আমাদের বন্ধুদেশ। এটি সম্পূর্ণ অনাকাঙ্খিত ঘটনা। এটি একটি ছিনতাইয়ের ঘটনা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের সম্মুখীন করতে জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সব বিভাগ যথেষ্ট তৎপর রয়েছে। ইতিমধ্যেই সিরাজ ও রানা নামের সন্দেহভাজন দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুত বিচার আইনে বিচার করা হবে।
মন্ত্রী বলেন, আমি সকলকে আশ্বস্ত করতে চাই যে, এ ঘটনার সঙ্গে জড়িত কোনো অপরাধী এড়িয়ে যেতে পারবে না। বিচারের মুখোমুখি তাদের হতেই হবে। আমাদের জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, র‌্যাব ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট সবার তৎপরতায় চীনা কর্মকর্তারা খুশি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পিরোজপুরের দুইটি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় উন্নয়ন কর্মকান্ডে কোনো প্রভাব পড়বে না এবং বেকুটিয়া সেতুর কাজ স্বাভাবিক গতিতেই চলবে। উন্নয়ন কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব পড়ে এমন কোন সংবাদ পরিবেশন না করতে তিনি সাংবাদিকদের অনুরোধ জানান।
এ সময় পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি ছিনতাইয়ের ঘটনা।
প্রেস ব্রিফিংয়ে পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, র‌্যাব বরিশাল-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সেতুটির সিকিউরিটি ইনচার্জ চীনা নাগরিক মি. কাও এবং ডেপুটি ম্যানেজার মি. জয়েন উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রী চীনা নাগরিককে ছুরিকাঘাত ও হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্মরত চীনা নাগরিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী এ হত্যাকান্ডের খবর শুনে ঢাকা থেকে পিরোজপুরে ছুটে আসেন। তিনি চীনা নাগরিকদের শান্তনা দেন এবং এ হত্যাকান্ডের বিচার ও কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন।
এদিকে, চিনা নাগরিক প্যান ইয়ানজান লাওফাং হত্যার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো পিরোজপুর সদর উপজেলার শারিকতলা-ডুমুরিতলা ইউনিয়নের গুয়াবাড়িয়া গ্রামের আব্দুস সত্তার সেখের ছেলে সিরাজ সেখ (৩০) এবং পিরোজপুর পৌরসভার কুমারখালী গ্রামের বাবুল সেখের ছেলে রানা সেখ ২৮)।
সিরাজ শেখকে পুলিশ বুধবার রাত আড়াইটার দিকে পিরোজপুর শহরতলীর কুমারখালী এলাকার একটি বাগান থেকে আটক গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোররাতে কুমারখালী এলাকা থেকে রানা সেখকে গ্রেফতার করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। আটক অভিযানে পিরোজপুর সদর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের সদস্যরা অংশ নেয় বলে জানান ওসি। এছাড়া রাতে কঁচা নদীসহ জেলার বিভিন্ন স্থানে র‌্যাব ও কোষ্টগার্ড সদস্যরা অভিযান ও টহল দেয়।
ওসি নুরুল ইসলাম বাদল জানান, চিনা নাগরিক লাওফাং হত্যার ঘটনায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর সেফটি অফিসার চাও চিং হুয়া বাদী হয়ে অজ্ঞাত পরিচয় আসামীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কুমিরমারা এলাকায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুতে (বেকুটিয়া সেতু) কর্মরত প্রধান টেকনিশিয়ান চীনা নাগরিক লাওফাংকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে পিরোজপুর হাসপাতালে আনা হলে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন জানান, লাওফাং নির্মানাধীন সেতু সংলগ্ন চীনা কর্মকর্তাদের আবাসিক ব্যারাক থেকে শ্রমিকদের টাকা দেওয়ার জন্য সাইকেলে করে সেতুর কাছে যাচ্ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial