নোয়াখালীসহ বিভিন্ন স্থানে নারী ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন
নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে নারী ধর্ষণের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছে মহিলা পরিষদ ও বাদাবন। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদ ও বাদাবন যৌথভাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভীন আহমেদ, সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উন্নয়নকর্মী রিজিয়া পারভীন, সাবেক সভাপতি তহুরা হোসেন, রুপান্তরের শিল্পী আক্তার, মহিলা পরিষদের সদস্য ঝিমি মন্ডল প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি পাল্টাতে অসংখ্য জনসচেতনতামূলক প্রচারাভিযান চালানো হয়েছে। আমাদের যে পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি গত ২০ বছরেও তা পাল্টায় নি। নারীদের মর্যাদার দৃষ্টিতে না দেখে পুরুষরা এখনো নারীকে ভোগে সামগ্রী হিসেবে দেখে। নারীদের ভোগের সামগ্রী হিসেবে দেখা হয় বলে আজ ছোট শিশু থেকে বৃদ্ধ নারীও ধর্ষণের শিকার হচ্ছে। ভয় পেয়ে নারীদের ঘরে বসে থাকলে চলবে না। আসুন পরিবার থেকে এই ধর্ষণ রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। নারীদের লেখাপড়ার পাশাপাশি আত্মরক্ষার কৌশল করতে হবে।
বক্তারা আরও বলেন, দেশে দিন দিন ধর্ষণ বেড়ে যাচ্ছে। পুরানো আইন দিয়ে সামাজিক ব্যাধি ধর্ষন রোধ করা যাবে না। তাই আইনের পাশাপাশি মানুষের নৈতিকতা ও পারিবারিক মূল্যবোধ বাড়াতে হবে। সমাজের বিবেকবান মানুষদের সোচ্চার হয়ে ধর্ষন প্রতিরোধ করতে হবে। আগামী দিনে দেশে যেন আর কোন নারী নিরাপত্তাহীনতায় না পড়ে এবং নারীদের সামাজিক নিরাপত্তা নিন্ডিত করতে সরকারের কাছে দাবি জানান নারী নেত্রীরা।
