প্রধান সূচি

পিরোজপুরে সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

পিরোজপুরে প্রায় সোয়া লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে শুরু হওয়া ‘এ’ প্লাস ক্যাম্পেইনে জেলার ৫১টি ইউনিয়ন ও তিনটি পৌরসভার ১৬২টি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালিত হবে। জেলাকে বিভিন্ন সাব ব্লকে বিভক্ত করে ১৪দিন ব্যাপী এ কার্যক্রম চলবে।
আজ শনিবার সিভিল সার্জনের কার্যালয়ে এক প্রেসব্রিফিং সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, জেলার সাতটি উপজেলায় এক লাখ ২৩ হাজার ১৪৯ জন শিশুকে দুই রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু রয়েছে ১৩ হাজার ৯০২ জন যাদের প্রত্যেককে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২-৫৯ মাস বয়সী শিশু রয়েছে এক লাখ নয় হাজার ২৪৭ জন যাদের প্রত্যেককে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে এ বছর ৪ থেকে ১৭ অক্টোবর এই ১৪ দিনে এ কার্যক্রম সম্পন্ন করা হবে। আর এ লক্ষ্যে ১৩১২টি কেন্দ্রে ২৬২৪ জন কর্মী কার্যক্রমটি সফল করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান সিভিল সার্জন।
এর আগে গত জানুয়ারি মাসে জেলায় এক লাখ ২০ হাজার ৯৮৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছিল।
প্রেসব্রিফিংয়ে আরও বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী, সহকারী জেলা তথ্য অফিসার বিশ^জিৎ সিকদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মারুফ মনসুর ও জেলা ইপিআই সুপারিনটেন্ডেট মো. তৈয়ব আলী হাওলাদার। প্রেসব্রিফিংয়ে পিরোজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial