ভান্ডারিয়া পেঁয়াজের বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ॥ তিন ব্যবসায়ীকে জরিমানা
পিরোজপুরের ভান্ডারিয়া পৌর মার্কেটে অভিযান চালিয়ে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার দায়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভান্ডারিয়া পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল আলম নবীন। তিন পেঁয়াজ ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, ভান্ডারিয়া পৌর শহর বাজারে পেঁয়াজের অতিরিক্ত মূল্য রাখার অভিযোগের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৩৮ ধারায় পেঁয়াজ ব্যবসায়ী জালাল পোদ্দার ও সেলিম জোমাদ্দারকে ২ হাজার করে ও উত্তম সাহাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ৩০ টাকার পেঁয়াজের কেজি ১০০ টাকায় বিক্রি করছিলেন তারা।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল আলম নবীন বলেন, বর্তমানে অস্থির পেঁয়াজের বাজার। ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই এ পরিস্থিতিতে বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ দখল ও পৌর বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখার বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।
