ঘোড়াঘাটে ইউএনও’র উপর হামলার প্রতিবাদে কাউখালীতে মানববন্ধন
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দ্রুত বিচারের দাবীতে পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার সকালে কাউখালী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখা।
মানববন্ধন চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলী হোসেন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন, শিক্ষানুরাগী আব্দুল লতিফ খসরু প্রমূখ।
মানববন্ধনে কাউখালী উপজেলার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ মুক্তিযোদ্ধা, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন।
উল্লেখ্য, গত ২ রাতে দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসভবনে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন।
