বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জয়বাংলা প্রশ্নে এক থাকতে হবে : শ. ম. রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও জয়বাংলা প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দুর্নীতি, সন্ত্রাস, অনিয়ম, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। তাহলে বঙ্গবন্ধু-ভাসানীর স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার প্রচেষ্টা সফল হবে।
আজ শনিবার বিকেলে পিরোজপুরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রদান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের সম্মান নিশ্চিত করা সকলের দায়িত্ব। পাশাপাশি চাকুরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা সংরক্ষণ ব্যবস্থা ফিরিয়ে আনাও দরকার। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন ও হানাহানি স্বাধীনতা বিরোধী ও প্রতিক্রিয়াশীল শক্তি লাভবান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত একদশকে এ ক্ষেত্রে দেশে একটি স্থিতিশীল পরিবেশ ফিরে এসেছে। ঐক্যবদ্ধভাবে এই অবস্থা অক্ষুন্্ন রাখতে হবে।
পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক নাহিদ ফারজানা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, সাবেক জেলা ও দায়রা জজ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সিকদার, মুক্তিযোদ্ধা সমীর কুমার বাচ্চু, ফজলুুল হক সেন্টু ও এম এ রব্বানী ফিরোজ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান, সদর ইউএনও বশির আহমেদ, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম আলী।
