মধুমতি পাওয়ার প্লান্টের পক্ষ থেকে জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে খাদ্য সামগ্রী হস্তান্তর
করোনা পরিস্থিতি ও ঈদুল আযহা উপলক্ষে মধুমতি ১০০ মেগাওয়াট এইচএফও চালিত পাওয়ার প্লান্টের পক্ষ থেকে বাগেরহাট জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে ৩‘শ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে প্লান্টের নির্বাহী প্রকৌশলী আফছানুল তানভীর এই খাদ্য সামগ্রী হস্তান্তর করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, প্লান্টের উপ-ব্যবস্থাপক আসাদুজ্জামান শাকিল, সহকারী প্রকৌশলী মোঃ ফয়সাল হোসেন, কে.এম মহি উদ্দিন আবীর, মো. তাওমীদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্লান্টের নির্বাহী প্রকৌশলী আফছানুল তানভীর বলেন, করোনা পরিস্থিতি ও ঈদুল আযহা বাগেরহাট জেলার অসচ্ছল, কর্মহীন, দুঃস্থদের জন্য বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিঃ এর পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে ৩‘শ প্যাকেট খাদ্য সামগ্রী প্রদান করেছি। প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, কেজি ডাল, ১ কেজি করে পিঁয়াজ, লবন, তেল, ৫টি সাবান, সেমাই, গুড়া দুধ রয়েছে। এই খাদ্য সামগ্রী করোনা পরিস্থিতিতে বাগেরহাটের অস্বচ্ছল ও কর্মহীন মানুষদের ঈদ উদযাপনে সহায়তা করবে বলে দাবি করেন তিনি।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের এর কাছ থেকে আমরা ৩শ’ প্যাকেট খাদ্য সামগ্রী পেয়েছি। আজ এবং আগামীকালের মধ্যেই হতদরিদ্র ও কর্মহীনদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
