মঠবাড়িয়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবা গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়ে (১৪)কে ধর্ষণের অভিযোগে মায়ের দেয়া মামলায় পলাতক লম্পট বাবা সেলিম বেপারী (৫০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মঠবাড়িয়া থানার এসআই মানিক গত ২৫ জুলাই বিকেলে ঢাকা যাত্রাবাড়ি থানা পুলিশের সহযোগিতায় যাত্রবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে রবিবার সকালে মঠবাড়িয়া থানায় হাজির করে। গত ১৯ জুলাই রাতে উপজেলার ঘোপখালী গ্রামের ওই ধর্ষিতার মা বাদী হয়ে স্বামী সেলিম বেপারী বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ঘোপখালী গ্রামের রব বেপারীর ছেলে ৫ সন্তানের জনক লম্পট সেলিম বেপারী তার নিজের মেয়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালান। এক পর্যায়ে চলতি মাসের ৫ জুলাই লম্পট সেলিম তার স্ত্রীকে কৌশলে বাজারে পাঠিয়ে মেয়েকে মুখ চেপে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। পরে বাজার থেকে ফিরে এলে মেয়েটি তার মায়ের কাছে ধর্ষণের ঘটনাটি খুলে বলে।
মঠবাড়িয়া থানার ওসি মো. মাসুদুজ্জামান লম্পট সেলিমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাষন্ড সেলিম মেয়েকে ধর্ষনের কথা স্বীকার করে। রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
