ভান্ডারিয়ায় করোনা আক্রান্ত ৩৬ ॥ করোনা উপসর্গে সাবেক ইউপি সদস্যের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় মঙ্গলবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের এক সাবেক ইউপি সদস্য করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। বুধবার সকালে তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. এইচ এম জহিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার পর্যন্ত ভান্ডারিয়া পৌরসভাসহ উপজেলার ৬ ইউনিয়নে করোনাভাইরাস সংক্রামণ (কভিড-১৯) ভান্ডারিয়া থানার এক এসআই, কালান্তর নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক, অপর এক সাংবাদিক, ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগের এক নারী ইউএইচসিপি কর্মী এবং পৌর যুবলীগ নেতাসহ মোট ৩৬ জন করোনা সংক্রামণে আক্রান্ত। এরমধ্যে পুলিশের এসআই এর অবস্থা গুরুতর হওয়ায় মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন লাইন নিউজ পোর্টালের সম্পাদক ভান্ডারিয়া হাসপাতালের আইসোলেশনে, এক সাংবাদিক বরিশালে শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন। করোনা আক্রান্ত অন্যদের হোম কোয়ারেন্টাইনে রেখে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতাসহ হাসপাতালের মেডিকেল টিম।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আরো জানান, উপজেলার এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীসহ ৫০ জনের নমুনা সংগ্রহ করে চলতি মাসের গত ১৫,১৬ ও ১৭ জুন পরীক্ষার জন্য বরিশালে প্রেরণ করা হলে বুধবার পর্যন্ত মাত্র ৭ জনের রিপোর্ট এসেছে। তারমধ্যে ৪ জন করোনা পজেটিভ। এরমধ্যে ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীর রিপোর্ট না আসায় মঙ্গলবার পুনরায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে।
