মোড়েলগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার মধ্য খাউলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষকের দুর্নীতির হাত থেকে বিদ্যালয়কে রক্ষা করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবুল হোসেন উপজেলা শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্প্রতি বিদ্যালয় সংস্কারের জন্য ২ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ আসে। প্রধান শিক্ষক কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে টাকা উত্তোলন করে নিজের মত করে খরচ করেছেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে কোন হিসাব দেন নি। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেন এবং সহকারি শিক্ষকদেরও কিছু জানান নি প্রধান শিক্ষক। আমি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য হওয়া স্বত্বেও আমি কিছু জানিনা। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানান তিনি।
প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে এ ধরণের কোন বরাদ্দ আসেনি। তাই স্বাক্ষর জালিয়াতি বা অনিয়মের কোন প্রশ্ন আসে না।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, বিদ্যালয়ের কোন বরাদ্দ বা খরচের বিষয়ে প্রধান শিক্ষক আমাদের জানান না। সে তার মত করে সব খরচ ও ভাউচার করেন। বিদ্যালয়ের ভালমন্দ বিষয়ে আমাদের কিছু জানান না।
মোড়েলগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন খান বলেন, মধ্য খাউলিয়া প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির দাতা সদস্য মো. আবুল হোসেনের একটি অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত পূর্বক সত্যতা পেলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
