মঠবাড়িয়ায় সাপ্তাহিক হাটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
করোনাভাইরাস প্রতিরোধে জেলার মঠবাড়িয়া উপজেলায় অনিদৃষ্টকালের জন্য শহরের সাপ্তাহিক হাটসহ উপজেলার সকল হাট-বাজারের ব্যবসা প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।
জনসমাগম ঠেকাতে এবং করোনা ভাইরাসের সংক্রমণরোধে মঙ্গলবার দুপুরে মঠবাড়িয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বাজার বণিক সমিতির প্রতিনিধি, বাজার ইজারাদার প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সকল হাটবাজার বন্ধ থাকবে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ও ঔষধের দোকান খোলা থাকবে বলে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, মঠবাড়িয়া উপজেলা শহরে হাটের দিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এতে করোনা ভাইরাস সংক্রমনের ভয় বেশি। তাই গণজমায়েতরোধে পৌর শহরের হাটসহ উপজেলার সকল হাট-বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
