বঙ্গোপসাগরে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ২টি ফিশিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক ॥ জেল হাজতে প্রেরণ
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে সামুদ্রিক মাছ শিকারের অভিযোগে আবারো দুটি ফিসিং ট্রলারসহ ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা।
সাগরের গহীনে বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে নৌবাহিনীর নিয়মিত টহলরত জাহাজ ‘বিএনএস কপোতাক্ষ’ এর নাবিকরা ওই জেলেদের ধাওয়া করে ট্রলারসহ তাদের আটক করে। এনিয়ে গত ৬ দফায় ৯টি ফিশিং ট্রলারসহ ১০৩ জন ভারতীয় জেলে নৌ-বাহিনীর হাতে আটক হয়। শনিবার রাতে আটককৃত ভারতীয় জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে এ সকল জেলেদের বিরুদ্ধে ১৯৮৩ সালের সমুদ্রে সীমালঙ্গন ও সামুদ্রিক মৎস্য অধ্যাদেশের ২২ ধারায় মামলা দায়ের করে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
নৌবাহিনীর বরাত দিয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল বাহার চৌধুরী জানান, শুক্রবার রাতে বাংলাদেশ নৌবাহিনীর কপোতাক্ষ জাহাজ বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার আনুমানিক ৭০ কিলোমিটার উত্তরে দেশীয় জলসীমায় উত্তর পশ্চিম কোন এলাকায় নৌবাহিনী টহলদানকালে বেশ কয়েকটি ভারতীয় ফিশিং ট্রলার বাংলাদেশের সীমানায় প্রবেশ করে মাছ শিকার করতে দেখে। এসময় অভিযান চালিয়ে দুইটি ট্রলার এফবি শঙ্খ প্রদীপে থাকা জেলে- রাখাল দাস (৪২), সজল দাস (২৪), মনোকৃষ্ণ দাস (৩২), সুভাষ দাস (৪৫), রাখাইল দাস (৪০), তাপষ দাস (২৯), মতি দাস (৩০), রামহরী দাস (৩১), গবিন্দ দাস (৪০), গোবিন্দ্র দাস (৪৫), শুরেন্দ্র দাস (৬৮), হরী দাস (৩৬) ও দ্রুভ বিশ্বাস (৩০) এবং এফভি মা-মঙ্গলচন্ডী ট্রলারে থাকা জেলে- বিনন্দ দাস (৪২), বার্মা দাস (৩২), রাখেশ দাস (১৯), অরুন দাস (৬০), কার্তিক দাস (৪২), অমুল্য দাস (৪৯), রাজেশ দাস (১৯), বিন্ধাবন দাস (৩৫), জতি বাবু (৬০), কৃষ্ণ দাস (৪২), সুজন দাস (২২), গুনধর দাস (২৭) ও আব্দুল দাহিয়ান শেখ (৩৪) নামীয় ভারতীয় জেলেসহ ট্রলার দুটিকে আটক করতে সক্ষম হয়।
বঙ্গোপসাগরের গভীর সমুদ্র থেকে শনিবার রাতে তাদের মোংলা থানায় আনা হয়। পৃথক ট্রলারের দুইটি মামলা দায়েরের পর রবিবার সকালে আটক জেলেদের বাগেরহাট আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা। আটক এ সকল জেলেদের বাড়ী ভারতের দক্ষিন চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করার কারণে গভীর সাগর থেকে গত ১ অক্টোবর ১৫ জন, ৪ অক্টোবর ২৩ জন, ১৪ অক্টোবর ১১ জন, ২২ অক্টোবর ১৪ জনকে, ১০ ডিসেম্বর কোস্টগার্ড বাহিনীর হাতে ১৪জন এবং শেষে ১৭ জানুয়ারী ২টি ট্রলারসহ আরো ২৬ ভারতীয় জেলেকে আটক করা হয়। এনিয়ে মোট ৯টি ট্রলারসহ ১০৩ জন ভারতীয় জেলে কোষ্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা আটক করতে সক্ষম হয়েছে। আটক জেলেরা বর্তমানে বাগেরহাট জেল হাজতে রয়েছে।
