ভান্ডারিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধার জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় এক অসুস্থ মুক্তিযোদ্ধার জমি জবর দখল করার অভিযোগ পাওযা গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা আ. জলিল জমাদ্দার লিখিত অভিযোগে বলেন, মো. সহিদ জোমাদ্দার (এএসপি) ক্ষমতার প্রভাব খাটিয়ে তার (আ. জলিল) পৈত্রিক সম্পত্তি জবর দখল করেছেন। তিনি বলেন, আমি মো. জলিল জোমাদ্দার, পিতা-মৃত: আব্দুল কাদের জোমাদ্দার, গ্রাম ও ডাকঘর: ভান্ডারিয়া, উপজেলা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর। আমি একজন বৃদ্ধ অসুস্থ মুক্তিযোদ্ধা। তালিকায় আমার মুক্তিবার্তা নং- ০৬০৫০৫০৩৯৪ (লাল বহি), গেজেট নং- ২৩৭০। ভান্ডারিয়া বন্দরে রিজার্ভ পুকুরে পূর্ব পাশে আমার পৈত্রিক বসতবাড়ী ৫৯২নং দাগে অবস্থিত। উক্ত দাগের মধ্যে পৈত্রিক সূত্রে ৩.৯১ শতাংশ জমির মালিক থেকে দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছি। ৫/৬ মাস পূর্বে জমি নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় মালিকবৃন্দের মাধ্যমে কাগজপত্র যাচাই বাছাই করে এএসপি সহিদ জোমাদ্দার উপস্থিত থেকে সীমানা নির্ধারণ করে তারকাটা দিয়ে আমার জমি আমাকে বুঝায়ে দেয়। হঠাৎ কিছুদিন পূর্বে আমার অসুস্থতার সুযোগে এএসপি মো. সহিদ জোমাদ্দার ক্ষমতার প্রভাব খাটায়ে সীমানার মধ্যে বেড়া দিয়ে আটকিয়ে দখলে নিয়ে যায়। তখন আমি উপজেলা চেয়ারম্যানের কাছে বিষয়টি নিস্পত্তির জন্য আবেদন করি। চেয়ারম্যানের নির্ধারিত শালিসদাররা মিমাংসার জন্য এএসপি সহিদকে বার বার তাগিদা দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে অনুপস্থিত থাকে। তখন শালিসদাররা গত সোমবার (১৩/০১/২০২০) সরেজমিনে গিয়ে জমির মাপ দিয়ে আমাকে জমি বুঝিয়ে দিতে চাইলে এএসপি সহিদ জোমাদ্দারের পিতা জনু জোমাদ্দার শালিসদারদের কাছে সময় চাইলে শালিসদারবৃন্দ আগামী ২৮ জানুযারী পর্যন্ত সময় দিয়ে উক্ত জমিতে উভয় পক্ষকে না যাওয়ার জন্য অনুরোধ করেন। শালিসদারবৃন্দ চলে যাওয়ার পর এএসপি সহিদ জোমাদ্দার ক্ষমতার প্রভাব খাটিয়ে উক্ত জমিতে টিনের বেড়া দিয়ে দখল করেন। আমি এর প্রতিকার চাই।
উল্লেখ্য, সহিদ জোমাদ্দার সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে কক্সবাজার জেলায় এএসপি হিসেবে দায়িত্বরত রয়েছেন।
