বাগেরহাটে ইয়াবাসহ মাদক সম্রাট রাজ্জাক আটক
বাগেরহাটে মাদক সম্রাট রাজ্জাক ফকিরকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাতারা। সোমবার বিকেলে জেলার শরনখোলা উপজেলার জিলবুনিয়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ পিস ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাতারা। আটক রাজ্জাক ফকির ওই গ্রামের মৃত আব্দুল লতিফ ফকিরের ছেলে।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকাতারা অভিযান চালিয়ে মাদক সম্রাট রাজ্জাক ফকিরকে আটক করে থানায় হস্তাস্তর করেছে। এ ঘটনায় বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক গাজী কামরুজ্জামান বাদি হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেছে। ওসি আরও বলেন, আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে শরনখোলা থানায় ৫টি মাদক আইনের মামলা রয়েছে। মঙ্গলবার তাকে বাগেরহাট আদালতে পাঠানো হবে।
এলাকাবাসী জানায়, শরনখোলা, মঠবাড়িয়া ও মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল বিক্রি করে আসছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় রাজ্জাক দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছে। এদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহসা পায় না। আব্দুর রাজ্জাক আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান এলাকাবাসী।
